Sikkim Tunnel Disaster

সিকিমের সুড়ঙ্গে কেন ছিল না সুরক্ষা বিধি, এনএইচপিসি’র চেয়ারম্যানকে চিঠি তপন সেনের

জাতীয়

সুড়ঙ্গে মিথেন রয়েছে কিনা দেখার প্রযুক্তি রয়েছে। গ্যাস বেরতে পারে এমন জায়গায় সুরক্ষিত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার বিধি রয়েছে। শ্রমিক সুরক্ষার এমন কোনও বিধিই মানা হয়নি সিকিমের নামচিতে। প্রাণ হারিয়েছেন ২৫ শ্রমিক। বাতিল করতে হবে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা প্যাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির লাইসেন্স। 
এনএইচপিসি’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে লেখা চিঠিতে এই দাবি তুলেছেন সিআইটিইউ’র সর্বভারতীয় সহসভাপতি তপন সেন। 
চিঠিতে সেন বলেছেন যে শ্রমিক সুরক্ষা বিধিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এনএইচপিসি’র রিস্তা স্টেজ-৬’র সুড়ঙ্গে কাজ করা চলছিল। অতিরিক্ত মুনাফার জন্য সংশ্লিষ্ট সংস্থা মানেনি সুরক্ষা বিধি। 
সেন লিখেছেন, সুড়ঙ্গে বিপর্যয় হলে অস্থায়ী বাতাস চলাচল ব্যবস্থা রাখা জরুরি। বেরনোর বিকল্প পথও থাকা জরুরি। এমন কোনও ব্যবস্থা না রেখে বিপদসঙ্কুল এই প্রকল্পে কাজ চলছিল।
এই সিআইটিইউ নেতার দাবি, হাইকোর্টের বিচারপতি এবং বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। কোন স্তরে কারা দায়ী তা বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে। মৃতদের পরিবারকে অন্তত ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের একজনকে এনএইচপিসি-তে স্থায়ী চাকরি দিতে হবে। 
গত সোমবার, ২০ জুলাই রাতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের এই সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয় হয়। সেন বলেছেন, একে কেবল দুর্ঘটনা বললে হবে না। বিপর্যয়ের পিছনে রয়েছে বেপরোয়া অবহেলা।
উল্লেখ্য, সুড়ঙ্গে জমে থাকা মিথেনে বিস্ফেরণের জেরে ধস নামে। বেরিয়ে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। ২৫ শ্রমিকের দেহ উদ্ধার করা গিয়েছে।

Comments :0

Login to leave a comment