বিচারাধীন জেলবন্দী প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবং তার ঘনিষ্টরা আরও বিপাকে পড়লেন। দিনহাটার রেড ভলেন্টিয়ার সোহম চক্রবর্তী রবিবার দিনহাটা থানায় উদয়ন গুহ এবং তার ছেলে সায়ন্তন গুহ সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
রেড ভলেন্টিয়ার সোহম চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ২০২২ সালের দিনহাটার পৌর ভোটকে প্রহসনে পরিণত করতে সক্রিয় ছিলেন উদয়ন গুহ, তার ছেলে এবং উদয়ন ঘনিষ্টরা। সিপিআই(এম) দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণার পরেই আমার এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, ব্যবসা বন্ধ করার হুমকি চলতে থাকে। তাতেও প্রার্থী হবার ভাবনা ত্যাগ না করায় আমার বাড়িতে হামলা চালানো হয়। তার প্রমান হিসেবে সিসিটিভি ফুটেজ রয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, অতিমারির সময়েই আমি দিনহাটায় রেড ভলেন্টিয়ার হিসেবে সক্রিয় ছিলাম। ভোটে দাঁড়ানোর কথা প্রকাশ হতেই ২০২২ সালের ১৬ জানুয়ারি এবং পরে ৫ ফেব্রুয়ারি রাতে আমার বাড়িতে হামলা হয়। আমার বয়স্ক বাবা এবং পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভোটে দাঁড়ালে ফল ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পেছনে উদয়ন গুহ, সায়ন্তন গুহ, রানা বনিক , তাপস দাস সহ ২০/২৫ জন রয়েছে। এই বাহিনী ৬ ফেব্রুয়ারি আমার ওষুধের দোকান বন্ধ করে দিয়ে ঘোষণা করা হয় ভোটে লড়লে দোকান আর কোন দিন খুলবে না। এই ঘটনার পর দিনহাটা থানায় লিখিত অভিযোগ করা হয় রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে। স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসকের কাছেও। সেই সময়ে পুলিশ ও প্রশাসন কোন পদক্ষেপ নেয় নি। ৬ ফেব্রুয়ারি আমাদের দোকানে হামলার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হবার পর দিনহাটা থানার পুলিশ এফআইআর নিলেও কাউকেই আইনের আওতায় নেয় নি। সোহম চক্রবর্তী এদিন বলেন, দিনহাটাকে সন্ত্রাসের পরিবেশ থাকায় সেই সময়ে মন্ত্রী উদয়ন গুহ-র বিরুদ্ধে অভিযোগ জানানো অসম্ভব ছিল। তবুও লিখিত অভিযোগ ও এফআইআর করা হয়েছিল। যদিও পুলিশ ন্যুনতম পদক্ষেপ নেয় নি। মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হতেই আমি সমস্ত তথ্য সহ দিনহাটা থানায় রবিবার ফের অভিযোগ জমা দিয়েছি। আমি চাই আইনী ব্যবস্থা নিক পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে সোহম চক্রবর্তীর একটি অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই সেটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস এদিন বলেন, উদয়ন বাহিনী ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রথম ৫ জন রেড ভলেন্টিয়ারের ওপর হামলা হয়। হুমকি দেওয়া হয় রেড ভলেন্টিয়ারের নামে দিনহাটায় কোন রকম সমাজসেবা মূলক কাজ করা যাবে না। এবং রেড ভলেন্টিয়ারের সাথে যুক্ত থাকা যাবে না। এরপর পৌরভোট ঘোষণার পর ২৩ ফেব্রুয়ারি উদয়ন বাহিনী বামফ্রন্টের প্রত্যেক প্রার্থী এবং প্রস্তাবক ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় ভোটে প্রতিদ্বন্দিতা করা চলবে না। এই আদেশ অমান্য করলে ভয়ংকর পরিনতি অপেক্ষা করছে তাদের পরিবারের জন্য। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। উদয়ন গুহ ছাড়া অন্য অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের দাবি ২০২২ সালের দিনহাটার পৌরভোট ছিল অগণতান্ত্রিক। বিনা প্রতিদ্বন্দিতায় জেতা তৃণমূলের বোর্ড ভেঙে দেওয়া হোক।
Trinamool Leaders in Dinhata
উদয়নের ছেলে সহ দিনহাটার একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
×
Comments :0