অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ আট দফা দাবিকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর অভিযান করলো যুবরা। ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে কর্মসূচিকে সামনে রেখে সকাল ১১টার পর থেকেই মহানন্দা সেতুর নীচে যুবরা জমায়েত হতে শুরু করেন। এরপর প্রায় ১টা নাগাদ মহানন্দা সেতুর নীচে ঘাট থেকে যুবদের বর্নাঢ্য মিছিল বের হয়। মিছিল সোজা হিলকার্ট রোড ধরে এগিয়ে গিয়ে মহানন্দা সেতু পেরিয়ে শিলিগুড়ি জংশন হয়ে সামনের দিকে এগিয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হয়। মিছিল থেকে আওয়াজ উঠেছে শিক্ষা, কাজ ও মতাধিকার কাড়তে দেব না। মিছিল শেষে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে ব্যাপক বিক্ষোভ দেখান যুবরা। বিভিন্ন দাবিতে সরব ছিলো বিক্ষোভ মিছিল। পরে বিক্ষোভ চলাকালীন নয় জনের যুব প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরের ভেতরে গিয়ে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন সাগর শর্মা, বুলেট সিং, শাশ্বতী সাহা, দীপা তামাঙ, বাবুসোনা সূত্রধর, গোপাল পাল, সুকান্ত ঘোষ, দীপঙ্কর সরকার ও রাজু সাহানি। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফ আই দার্জিলিঙ জেলা সভাপতি নান্টু কুন্ডু, অভিজিৎ চন্দ, আবু মান্না সহ অন্যান্যরা। এসডিও অফিস অভিযান কর্মসূচিতে শিলিগুড়ি শহরাঞ্চলের পাশাপাশি নকশালবাড়ি, খড়িবাড়ি, বাতাসি, আঠারোখাই, মেডিকেল সহ গ্রামীণ বিভিন্ন এলাকার যুবরা অংশগ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে অবিলম্বে রাজ্য সরকারি সমস্ত শূন্যপদে বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করা, চাকরি না পাওয়া পর্যন্ত ন্যূনতম ৬ হাজার টাকা বেকার ভাতা দেওয়া, চা বাগান শ্রমিকের ন্যুনতম মজুরি, উন্নয়নের নামে পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ না করা, সরকারি জমিতে দীর্ঘ দিন ধরে বসবাসকারী পরিবারগুলোকে ৯৯ বছরের জমির লীজ প্রদান, বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, গরিব মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না করা, সমস্ত মহিলাদের অবিলম্বে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা, সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করা ইত্যাদি। এছাড়াও নদীর ঘাট অবিলম্বে খুলে দেওয়া এবং বৈধভাবে কোয়ারি পারমিট দিয়ে বালি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মহকুমা পরিষদের অচলাবস্থা কাটাতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি শারদ উৎসবের আগে শিলিগুড়ি শহর সহ মহকুমার সমস্ত রাস্তাঘাট মেরামত করা, যানজট সমস্যার স্থায়ী সমাধান, গোর্খা সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, সেইসঙ্গে জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির প্রক্রিয়ায় প্রশাসনিক হয়রানি বন্ধ করার বিষয়গুলিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
অভিযোগ, এই কর্মসূচির বিষয়ে এসডিও?’কে আগে থেকেই জানানো হয়েছিলো। এদিন এসডিও অফিসে থাকা সত্ত্বেও যুবদের স্মারকলিপি নিতে চাননি। যুব নেতৃত্ব প্রতিবাদ জানালে এসডিও বাধ্য হয়ে স্মারকলিপি গ্রহণ করে।
ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা সম্পাদক সাগর শর্মা বলেন, অবৈধ এসআইআর হয়েছে দেশ জুড়ে। গণতন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কার নির্দেশে মুখ্য নির্বাচন কমিশনার কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দিলো। মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন। দ্রুততার সাথে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বৈধ সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। অন্নপূর্না যোজনার নামে মহিলাদের সাথে প্রতারনা করেছে রাজ্যের সরকার। চারমাসের সরকার ৯৩৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। দায়িত্বশীল সরকারের ভূমিকা এমনটা হতে পারেনা। শহর জুড়ে পৌর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। শারদোৎসবের আগেই শিলিগুড়ি শহরের ভাঙাচোরা রাস্তাঘাটের সংষ্কার সহ শহরবাসীদের সঠিক পৌর পরিষেবা দিতে হবে। প্রশাসক পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের অচলাবস্থা কাটাতে অবিলম্বে নির্বাচনের দাবি জানান। জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ আইন অনুয়ায়ী শাস্তির দাবিতে সরব হন তিনি। দাবি পূরন না হলে আগামীদিনে আরে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
Comments :0