Bikash Ranjan Bhattacharya

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা

রাজ্য কলকাতা

বৃহস্পতিবার সকালে রাজ্যসভার প্রাক্তন সাংসদ, কলকাতার প্রাক্তন মেয়র, বিশিষ্ট আইনজীবী সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামরায় দেখা গিয়েছে গামছায় মুখ ঢাকা এক ব্যাক্তি কাঁচের বোতল বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির উদ্দেশ্যে ছুঁড়ছে। এই ঘটনায় বাড়ির একাধিক জানলার কাঁচ ভেঙেছে। বাইকের নম্বর প্লেটও কাপড় দিয়ে ছিল ঢাকা। 
প্রাক্তন সাংসদের কথায়, ‘আজ সকাল ৫ টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গিয়েছে।’ তিনি আরও বলেন, গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটর বাইকের নাম্বার প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা?’
এই গোটা ঘটনার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিআই(এম) এর পক্ষ থেকে অজয়নগর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য বিজেপি আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতি এবং হিংসার বিরুদ্ধে সরব থেকেছেন বিকাশরঞ্জন। একাধিকবার তাকে কটাক্ষ করতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের।

Comments :0

Login to leave a comment