Israel Land Grab

যৌন হিংসায় রাষ্ট্রসঙ্ঘের কালো তালিকায়, তবু দখলদারি চালাচ্ছে ইজরায়েল

আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘের ভর্ৎসনার মুখে পড়েও দখলদারিতে খামতি নেই ইজরায়েলের। নিঃশব্দে প্যালেস্তাইনের গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের জমি দখল করে নিচ্ছে উগ্র জায়নবাদী রাষ্ট্র।
গত মাসেই যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন হিংসা চালানোর জন্য প্রথমবারের মতো ইজরায়েলকে রাষ্ট্রসঙ্ঘের কালো তালিকায় আনা হয়। 
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক প্রতিবেদনে ইজরায়েলী নিরাপত্তা ও সামরিক বাহিনীর বিরুদ্ধে প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, জোরপূর্বক নগ্ন করা এবং যৌন নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের একাধিক ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের ‘সংঘাত বিষয়ক যৌন নির্যাতন’ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক থেকে আটক প্যালেস্তিনীয়দের ওপর একাধিক ঘটনা যাচাই করা হয়েছে। এর ভিত্তিতেই ইজরায়েলি বাহিনীকে প্রথমবারের মতো এই কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই প্রতিবেদনে রাশিয়াকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তবে বরাবরের মতো অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইজরায়েল। উলটে রাষ্ট্রসঙ্ঘের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রাষ্ট্রসঙ্ঘের এই সিদ্ধান্তে সরাসরি কোনও নিষেধাজ্ঞা না হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে ইজরায়েলের ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।
ইজরায়েল দখলদারি থেকে হটেনি। ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একতরফা ঘোষণা করেছেন যে ১৯৯৬’র ‘হেবরন সমঝোতা’ বাতিল করা হচ্ছে। প্যালেস্তিনীয় অথরিটির কর্তৃত্ব মানা হবে না। ইজরায়েলের সংবাদমাধ্যমও জানাচ্ছে যে প্রকাশ্য ঘোষণা না করে নিঃশব্দে জমি আয়ত্বে আনার কৌশল নিয়ে চলেছে ইজরায়েল।

Comments :0

Login to leave a comment