আইপিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে ধাক্কা। হর্ষিত রানার পর এবারের আইপিএল খেলবে না আকাশদীপও। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে বড় সমস্যা তৈরী হয়েছে। সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে ভারতের টেস্ট দলের এই পেসার এই মরশুমে আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন,‘‘চোটের কারণে আকাশদীপ আইপিএল থেকে বাইরে। পুরো মরশুমের জন্যই ছিটকে গেছে।’’ গত বছরে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি অকশনে কেকেআর আকাশদীপকে বেস প্রাইস ১ কোটি টাকায় দলে নিয়েছিল। তাঁর চোট পিঠের নীচের দিকে। স্ট্রেস সংক্রান্ত সমস্যায় তাঁকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় আকাশদীপের। এরপর চার মরশুমে তিনি খেলেছেন মাত্র ১৪টি ম্যাচ। নিয়েছেন ১০টি উইকেট। গত আইপিএলে তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ছিলেন। ২০২৫ সালের নিলামে এলএসজি তাঁকে ৮ কোটি টাকায় দলে নেয়। মাত্র এক মরশুম পর ছেড়ে দেয়। রানা হাঁটুর অস্ত্রোপচারের কারণে শিবির শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন। তারপর আকাশদীপের চোট নতুন ধাক্কা কেকেআরের বোলিং দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিল।
IPL 2026
আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশদীপ
×
Comments :0