Krishna Mohan

রাম জন্মভূমি ট্রাস্টের নতুন সাধারণ সম্পাদক কৃষ্ণ মোহন

জাতীয়

‘দানচুরি’-র অভিযোগের মধ্যে সাধারণ সম্পাদক পদে আরএসএস’র আরেক প্রচারক কৃষ্ণ মোহনকে নিয়োগ করল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্রের পদত্যাগ পত্র গ্রহণ করেছে ট্রাস্ট।
রাম মন্দিরের দানসামগ্রী এবং নগদ চুরির ঘটনায় আট সাধারণ কর্মচারীকে আটক করেছে উত্তর প্রদেশ সরকারের তৈরি ‘সিট’। তবে দিনের পর দিন কেবল এই আট কর্মচারীর কারসাজিতে অর্থ নয়ছয় হয়েছে, এমন তত্ত্ব মানছেন না উত্তর প্রদেশ বা দেশের বহু অংশই। এই অবস্থায় বিজেপি এবং আরএসএস সমালোচকদেরই ‘রাম বিরোধী’ বলে দাগিয়ে দিতে নেমেছে। 
ট্রাস্টের সর্বেসর্বা বিশ্ব হিন্দু পরিষদের নেতা এবং আরএসএস প্রচারক চম্পত রাই বা অনিল মিশ্রের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। 
এদিকে প্রাক্তন আইএফএস আধিকারিক এবং উত্তর প্রদেশে আরএসএস নেতা কৃষ্ণ মোহন বলেছেন, ‘‘যতদিন না স্থায়ী সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় ততদিন কাজ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। রাম মন্দিরে দান চুরির ঘটনায় মানুষের আস্থা ধাক্কা খেয়েছে। দোষীদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত।’’

Comments :0

Login to leave a comment