সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর মূল ফটকের কাছে বহিরাগতদের জমায়েত ও বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো কর্তৃপক্ষ। রবিবার, ৪ অক্টোবর ক্যাম্পাসের মূল গেটের সামনে একদল বিজেপি আরএসএস কর্মী জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠানের বক্তব্য, ওই জমায়েতের জেরে ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। ক্যাম্পাসে হিংসা, ভয় দেখানো কিংবা বেআইনি প্রবেশের যে কোনও প্রচেষ্টার তীব্র নিন্দা করেছে এসআরএফটিআই কর্তৃপক্ষ।
ঘটনার পর ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার কাজ চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান। ক্যাম্পাসের প্রবেশপথ এবং সীমানা বরাবর নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসআরএফটিআই-এর উপাচার্য এক বিবৃতিতে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষার জন্য এই জাতীয় প্রতিষ্ঠানে আসেন। তাঁদের মাধ্যমে বিভিন্ন অঞ্চল, ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের বৈচিত্র্য ক্যাম্পাসে প্রতিফলিত হয়। এই বৈচিত্র্যই প্রতিষ্ঠানের সৃজনশীল পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি বলে উল্লেখ করেন তিনি।
গত কয়েক দিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, আহত পড়ুয়াদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা ও সৃজনশীল কাজ চালিয়ে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের উদ্বেগ ও সমস্যাগুলি সমাধানে পদক্ষেপ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখাই প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার।
এসআরএফটিআই কর্তৃপক্ষ পুনরায় আশ্বাস দিয়েছে, কোনওরকম ভয় বা চাপ ছাড়াই পড়ুয়ারা যাতে ক্লাস করতে পারেন এবং তাঁদের শিক্ষাজীবন ও সৃজনশীল কাজ অব্যাহত রাখতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
SRFTI
রবিবারের ঘটনা প্রেক্ষিতে এসআরএফটিআই-এর বিবৃতি
×
Comments :0