চায়ের পরে অর্থকরি ফসল হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে মাখনা চাষ। চিরাচরিত ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে বহু চাষি এখন জলাভূমি ও নিচু জমিতে মাখনার আবাদ করছেন। ইসলামপুর মহকুমায় মাখনার স্থানীয় চাহিদা তুলনামূলক কম হলেও পার্শ্ববর্তী বিহারে এর বিশাল বাজার থাকায় উৎপাদিত মাখনা সহজেই বিক্রি হচ্ছে। ফলে অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।
কৃষকদের দাবি, আগে যে জমিতে বোরো ধানের চাষ হতো, বর্তমানে সেই জমির বড় অংশেই মাখনার আবাদ হচ্ছে। বোরো ধানের তুলনায় এই চাষে উৎপাদন খরচ কম, রোগ-পোকার আক্রমণও প্রায় নেই এবং বাজারদর ভালো থাকায় লাভের পরিমাণও বেশি। গত কয়েক বছরে ইসলামপুর মহকুমায় মাখনা চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
দেশে মূলত বিহার ও পশ্চিমবঙ্গে মাখনার চাষ হয়। বিহারের দারভাঙ্গা, আরারিয়া, কিশনগঞ্জ, কাটিহার, সীতামারহি, সহরসা ও পূর্ণিয়ার মতো জেলায় এটি অন্যতম অর্থকরী ফসল। সীমান্তবর্তী হওয়ায় বিহারের চাষিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উত্তর দিনাজপুরেও এই চাষের প্রসার ঘটেছে। জেলার করণদিঘী, গোয়ালপোখর-১ ও গোয়ালপোখর-২ ব্লকের বিভিন্ন এলাকায় এখন ব্যাপক হারে মাখনার আবাদ হচ্ছে। এখানকার উৎপাদিত মাখনা বিহারের বাজারে যাওয়ার পাশাপাশি বিদেশেও রফতানি হচ্ছে।
জলাভূমিতে মাখনার চাষ হয়। পানিফলের মতো জলমগ্ন জমিতে চারা রোপণ করা হয়। একটি গাছে সাধারণত ১৫ থেকে ২০টি ফুল হয় এবং প্রতিটি ফুল থেকেই ফল ধরে। প্রতিটি ফলে ২০ থেকে ২৫টি বীজ থাকে। সেই বীজ সংগ্রহ করে শুকিয়ে বালিতে ভেজে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াকরণের পর যে সাদা খই বের হয়, সেটিই বাজারে মাখনা নামে বিক্রি হয়। বর্তমানে দেশ-বিদেশে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে মাখনার চাহিদা দ্রুত বাড়ছে।
ইসলামপুর মহকুমার উদ্যানপালন বিভাগের আধিকারিক অনিক মজুমদার জানান,‘‘ এবার মার্চ মাস থেকেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। আর মাখনা চাষে পর্যাপ্ত জল থাকলেই ভালো ফলন হয়। গতবারের তুলনায় চাষের এলাকা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত রোগ-পোকার উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। ইসলামপুর মহকুমায় প্রায় ১২০০ হেক্টর জমিতে মাখনার চাষ হচ্ছে। বিহারে মাখনা বোর্ড গঠিত হয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও সরকারি সহায়তা ও পরিকল্পনা বাড়লে এই অঞ্চলের কৃষকেরা আরও বেশি উপকৃত হবেন বলে আমরা আশাবাদী।’’
Makhana Cultivation
মাখনা চাষের প্রসার ঘটেছে ইসলামপুরে
×
Comments :0