বাংলাদেশের নির্বাচনের কারণে তিনদিন বন্ধ থাকার পর ফের চ্যাংরাবান্ধা দিয়ে ত্রিদেশীয় স্থল বানিজ্য শুরু হল। স্বাভাবিক ছন্দে ফিরলো উত্তরবঙ্গের ফুলবাড়ি, হিলি সহ অন্য স্থল বানিজ্য কেন্দ্র গুলিও। স্থল বানিজ্যের পাশাপাশি ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ভিসা নিয়ে যাতায়াত শুরু হয়েছে।
বাংলাদেশের নির্বাচনের কারণে গত বুধবার থেকে বানিজ্য ও যাতায়াত পুরোপুরি বন্ধ ছিল। শুক্রবার থেকে ভিসা নিয়ে যাতায়াত শুরু হবার পর শনিবার শুরু হল স্থল বানিজ্য। শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি থাকার কারণে শনিবার শুরু হয় স্থল বানিজ্য। আমদানি- রপ্তানিকারী সংস্থাগুলির আশা সোমবার থেকে পন্য যাতায়াত স্বাভাবিক ছন্দে ফিরবে। যদিও ভারত- বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছু পন্যের আমদানি ও রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়ে গেছে।
ইতিমধ্যে বাংলাদেশের ভোটের ফল প্রকাশ হয়েছে। নতুন সরকার দায়িত্বভার নেবার পর দুই দেশের মধ্যে আগের মত সুসম্পর্ক স্বাভাবিক হবে আশা প্রকাশ করছেন দুই দেশের ব্যবসায়ীরাই। সবাই চাইছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক মজবুত হোক।
বাংলাদেশের রংপুর থেকে মতিয়ার রহমান হাঁটুর চিকিৎসার জন্য সীমান্ত পেরিয়ে এদেশে এসেছেন। শনিবার তিনি বলেন, ‘‘এবার সব আগের মত হবে এটা আশা করছি।’’ বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য এদেশেছেন হাতিবান্ধা উপ- জেলার প্রবীন বাসিন্দা সালেহ আহমেদ। তিনি বলেন, ‘‘আমি ক্লাস সেভেনে পড়ার সময় মুক্তিযুদ্ধ দেখেছি। তখন ভারত আর রাশিয়ার সাহায্যের কথা আমরা ভুলবো কি করে? আমি মনে প্রাণে চাই দুই দেশের মধ্যে সুসম্পর্ক হোক। প্রতিবেশী দেশ আমাদের আত্মীয়।’’ বাংলাদেশ থেকে বুড়িমারির লরি চালক আলিয়ার রহমান পন্য নিয়ে এদেশে এসেছিলেন। তাঁর চোখেও খুশির আবেশ। বললেন, ‘‘এবার বুঝি স্বস্তি ফিরবে। আমি তো লরি চালাই। দুই দেশের ব্যবসা স্বাভাবিক হোক। তাতেই আমি আর আমার পরিবার খুশি হবো।’’
হিলির রপ্তানীকারিদের মধ্যেও খুশির আমেজ ধরা পড়লো। তাদর বক্তব্য বিএনপি শাসনভার নিয়ে হিলি সীমান্তের ওপারে স্থল বানিজ্যের পরিকাঠামো গড়ে তুলুক তুলুক এটাই চাই। মহদিপুর এক্সপোর্ট এসোশিয়েশনের সম্পাদক প্রসেনজিত ঘোষ বলেন,‘‘বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই ব্যবসা ক্ষতির মুখে পড়েছিল। ব্যবসা অর্ধেক হয়ে গিয়েছিল। এবারে আশা করছি সব ঠিক হয়ে যাবে।’’
চাঞ্চল্য এসেছে সীমান্তের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র গুলিতেও। চ্যাংরাবান্ধা বিনিময় কেন্দ্রের ব্যবসায়ী নাজিমুল হক বলেন, ‘‘অনেকদিন বিভিন্ন ভিসা দেওয়া বন্ধ শুধু মাত্র মেডিকেল আর স্টুডেন্ট ভিসা চালু ছিল। ফলে ভিসা নিয়ে যাতায়াত কমে গিয়েছিল। এবারে বাংলাদেশে স্থিতাবস্থা ফিরে এলে ভিসার পরিমান হয়তো বাড়বে। সেই অপেক্ষায় আছি।’’
Changrabandha
বাংলাদেশের ভোট মিটতেই স্বাভাবিক ছন্দে চ্যাংরাবান্ধা
×
Comments :0