Iran

খামেনি হত্যার চরম মূল্য দিতে হবে আমেরিকাকে, হুমকি ইরানের

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। রবিবার ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, খামেনেইকে হত্যার জন্য ট্রাম্পকে ‘চরম মূল্য দিতে হবে’।
খামেনেইর ঘনিষ্ঠ সহযোগী এবং ইরানের প্রাক্তন আইআরজিসি (IRGC) কমান্ডার লারিজানি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা আমাদের নেতা এবং দেশবাসীর রক্তের বদলা নিতে বিন্দুমাত্র পিছুপা হব না। ট্রাম্পকে এর জন্য চড়া মূল্য দিতেই হবে।’
স্টেট টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, ইরান বেশ কিছু মার্কিন সৈন্যকে বন্দি করেছে বলে দাবি লারিজানির। তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলো যেন নিজেদের ভূখণ্ড আমেরিকার হয়ে ব্যবহারের অনুমতি না দেয়। অন্যথায় ইরান নিজেই পদক্ষেপ নিতে বাধ্য হবে।
লারিজানির মতে, আমেরিকা ভেবেছিল ভেনিজুয়েলার মতো ইরানেও হামলা চালিয়ে দ্রুত দখল নেবে, কিন্তু এখন তারা নিজেরাই ফাঁদে পড়েছে।
লারিজানির এই হুমকির জবাবে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ও কী বলছে বা ও কে সে সম্পর্কে আমার কোন ধারণাই নেই। আমি ওকে গুরুত্ব দিচ্ছি না। ওরা ইতিমধ্যেই পরাজিত।’
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে এবং তিনি তেহরানের পক্ষ থেকে ‘বিনা শর্তে আত্মসমর্পণ’ দাবি করছেন।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েই এই হামলাকে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে দাবি করেছেন। তাঁদের মতে, ইরান ইজরায়েলের ওপর বড়সড় হামলার ছক কষছিল, যা বানচাল করতেই এই অভিযান।

Comments :0

Login to leave a comment