AIKS All India Conference

লাল পতাকায় জনস্রোতে কৃষক ঐক্যের ডাক

জাতীয়

পীযূষ ব্যানার্জি : নালগোন্ডা

১৫ নভেম্বর—  শহরের বুক চিরে চলে গেছে হায়দরাবাদ রোড। রাস্তার গড়ন অনেকটা ঠিক কলকাতার সেন্ট্রাল এভিনিউয়ের মতো। মাঝে কংক্রিটের উঁচু ডিভাইডার। পিচঢালা সেই রাস্তা ধরে ৫ কিমি দূরের মাররিগুড়া বাইপাস থেকে শুরু হওয়া মিছিল পথ চলা শুরু করেছিল বেলা ২টা নাগাদ। গোটা শহরকে তোলপাড় করা লাল ঝান্ডার সেই মিছিল যখন এন জি কলেজ গ্রাউন্ডে ঢুকছে সূর্য তখন পশ্চিমে ঢলছে। অস্তমিত সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ছে দিগন্তে। চওড়া রাস্তার দূরপ্রান্ত থেকে এগিয়ে আসছে রক্তিম আভা ছড়িয়ে দেওয়া এক জনস্রোত।
সেই জনস্রোতে থমকে গেছেন পথচলতি মানুষ। অটোচালক, পুলিশ থেকে দামি গাড়ির সওয়ারিও। মিছিলে স্লোগান নয়। দূর থেকে ভেসে আসছে হাজারো সুরের ঝঙ্কার। আর তাই শুনেই পথচলতি মানুষ লাফিয়ে উঠেছেন কংক্রিটের উঁচু ডিভাইডারে। গোটা রাস্তাকে দুভাগে ভাগ করা ডিভাইডারে সার দিয়ে দাঁড়িয়ে আছে মানুষ। একটিবারের জন্য চলমান এক সংস্কৃতির চাক্ষুষ করার চেষ্টা। এমনকি ডিভাইডারের মাঝখানে অন্ধ্র প্রদেশের এক সময়ের মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের এক পূর্ণাবয়ব স্ট্যাচু পর্যন্ত ঢাকা পড়ে গেছে মানুষে। 
এমন প্রাণবন্ত মিছিলে মহিলারা হাঁটছেন নাচের তালে। দু’হাতে তাঁদের ধরা কাঠি। তালে, তালে কাঠি নৃত্যে এগিয়ে আসছেন মহিলারা। কিছুটা দূরেই আদিবাসী ঘরনার শিল্পীরা। পেল্লাই সাইজের মাদল বাজিয়ে তাক লাগানো পোশাকে একদল পুরুষ। সঙ্গে আছেন মেয়েরাও। নাচছেন, গাইছেন। সামনের দিকে এগিয়ে আসছেন। তার ঠিক পিছনেই সারা ভারত কৃষকসভার ৩৬ তম সম্মেলনের ফেস্টুন নিয়ে মিছিল। দূর থেকে যতদূর নজর পড়ে শুধুই লাল পতাকা। গত শনিবারই আয়োজকরা বলেছিলেন, পাঁচ হাজার রেড ভলান্টিয়ার নিয়ে শুরু হবে মিছিল। সামনে ছিলেন একদম কমবয়সি ছেলেরা। মাথায় খাঁকি টুপি। পরনে লাল জামা আর খাঁকি প্যান্ট। 
ছোট এক টিলার পাদদেশেই এন জি কলেজ গ্রাউন্ড। সমাবেশস্থল থেকে চার কিমি দূরে যখন মিছিল শুরু হচ্ছে তখন থেকেই ছোট, ছোট মিছিলে, বাসে করে লোক এসেছে সমাবেশে। দুপুর থেকেই সমাবেশ মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন অন্ধ্র প্রদেশের প্রজা নাট্যমণ্ডলমের শিল্পীরা। তেলুগু ভাষায় মাঝে মধ্যেই এসেছে মোদী, আদানি আর আম্বানিদের নাম। পুরুষের সঙ্গে সমানতালে সঙ্গ দিয়ে গেছেন মহিলারা। মাঝে সিপিআই(এম) সাংসদ অমরা রামও একবার নেচে নিলেন গানের ছন্দে। একের পর এক মিছিলে যখন মাঠ কানায়, কানায় ভর্তি তখনই লাল ব্রিগেডের স্রোতে জনসমুদ্র কলেজ মাঠ ছাপিয়ে চারপাশ, সেখান থেকে বড় রাস্তা। 
সেই মিছিলেই পথ হাঁটছিলেন ওয়ারঙ্গলের একদল কৃষক। ২০০ কিমি উজিয়ে এসেছেন ওয়ারঙ্গলের কৃষকরা। তিনটি বাসে করে ২৬০ জন এসেছেন মাবেশে। তাঁদের সঙ্গী তেলেঙ্গানা রায়াতু সঙ্গমের ওয়ারঙ্গল জেলা কমিটির সদস্য রাজিন্দার। বলছিলেন, ধানের দামের কথা। ধান ওঠার সময় কুইন্টালে সাড়ে চার হাজার টাকা দাম দেওয়ার কথা বলেছিল ব্যাপারীরা। এখন যেই ধান উঠতে শুরু করেছে দাম নেমে গেছে ২ হাজার ৫০ টাকায়। তবে চাষের সঙ্কট নিয়ে কথা বলার তেমন ফুরসত ছিল না ওঁদের। সবাই তখন ব্যস্ত জনস্রোতে গা ভাসিয়ে সমাবেশের দিকে এগিয়ে যেতে।
ওয়ারঙ্গলের পাশেই হাঁটছিলেন খাম্মামের রামাকৃষ্ণ। বিশাল মিছিলে হাঁটতে গিয়ে দলের বাকি সঙ্গীদের সঙ্গে তাল রাখতে পারেননি কৃষক। ১৫০ কিমি দূর থেকে মিছিলে এসে সঙ্গীহারা হওয়ার কোনও উদ্বেগ ছিল না তাঁর। গোটা জনস্রোতই তাঁকে টেনে নিয়ে যাচ্ছে গন্তব্যে। তবে যে স্রোতে আজ রামাকৃষ্ণ ভাসছেন এসএলবিসি ক্যানেলে যদি সেই জলস্রোত কিছুটা থাকত তাতে এই মরশুমে ধান, কটন আর লাল মির্চির চাষটা ঠিকঠিক করা যেত। তীব্র খরায় জলের অভাবে চাষই যে তাঁর হয়ে ওঠেনি। 
নালগোন্ডায় কৃষকসভার সমাবেশে উঠবে না ৮০ বছর আগে এ তল্লাটে ঐতিহাসিক সশস্ত্র কৃষক সংগ্রামের কথা। সমাবেশে বলতে গিয়ে বৃন্দা কারাট মনে করিয়ে দিয়েছেন ৯০ বছরের কৃষকসভার ইতিহাসের কথা। ‘‘কাশ্মীর থেকে কেরালা। পুনাপ্পা ভায়লার বিদ্রোহ, আসামের সুরমা ভ্যালি, বাংলার তেভাগা, মহারাষ্ট্রের ওরলি বিদ্রোহ, পাঞ্জাবে বর্ধিত খাজনার বিরুদ্ধে সংগ্রামের প্রতিটিতে নেতৃত্ব দিয়েছে কৃষকসভা। কমরেড পি সুন্দরাইয়া, মাল্লু স্বরাজ্যম, প্রথম শহীদ ডোড্ডি কোমারাইয়া, জমিদারের বিরুদ্ধে লড়াইয়ে মহিলা চিট্টি আইলাম্মাকে।’’ জানিয়েছেন বৃন্দা কারাট। ব্রিটিশ ভারতে তিন হাজারের ওপর গ্রামকে মুক্ত করেছিলেন বিপ্লবীরা। ১০ লক্ষ একর জমি বণ্টন করার কথা জানিয়ে সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওয়ালে সমাবেশকে মনে করিয়েছেন, ‘‘তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রামে ১০ লক্ষ একর জমি নিজামের হাত থেকে কেড়ে নিয়ে ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয়েছিল। পরবর্তীকালে বামপন্থীরা কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় রাজ্যে সরকার পরিচালনা করার সময় ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিলি করে। কিন্তু সরকারে না থেকেও তেলেঙ্গানার কৃষকদের এই লড়াই যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।’’
তেলেঙ্গানার সশস্ত্র কৃষক সংগ্রামের ধাত্রীভূমি নালগোন্ডা। হিন্দু জনসংখ্যার পাশাপাশি মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও আছেন। মসজিদ থেকে আজান শোনা যায় এ তল্লাটে। চার্চ ও মন্দিরের আধিক্য আছে। এখন তেলেঙ্গানার সশস্ত্র কৃষক সংগ্রামে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে আরএসএস মুসলমান নিজামের বিরুদ্ধে হিন্দু কৃষকদের লড়াই দেখিয়ে বিকৃত ইতিহাস তৈরি করতে চাইছে। হয়তো, কোনোদিন অবিভক্ত বাংলার তেভাগার লড়াইকেও সাম্প্রদায়িক নজরে দেখাতে চাইবে আরএসএস। সমাবেশ থেকে তাই সতর্ক থাকার বার্তা দিয়েছেন বক্তারা। 
মোদী সরকারের তিন কালা কৃষি আইনকে ডাস্টবিনে ফেলে এসেছে এদেশের সংগঠিত যৌথ কৃষক আন্দোলন। সমাবেশকে সেকথা জানিয়ে সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণাণ বলেছেন, ‘‘মোদী সরকারের তিনি কালা কৃষি আইনকে আমরা পরিত্যক্ত করতে বাধ্য করেছি। কিন্তু সরকার ঘুরপথে তা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারসঙ্গে যুক্ত হয়েছে কৃষিতে কর্পোরেট থাবা। আমাদের সামনে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনই একমাত্র পথ।’’ 
এদেশে কৃষক, খেতমজুর, পরিযায়ী শ্রমিক মিলিয়ে ফি দিন ১১৪ জনের মৃত্যু ঘটে। এদেশের ৭৬ শতাংশ জমির মালিকানা ২০ শতাংশের হাতে। উলটোদিকে ৮৮ শতাংশ কৃষকের পাঁচ একরের নিচে জমি। এমনকি স্বাধীনতার ৮০ বছর পার করেও এখনও মহিলাদের কৃষক হিসাবে স্বীকৃতি নেই। অগুণতি সেই বাধার সামনে প্রতিরোধের বার্তা দিয়ে পথ চলেছে ৯০ বছর পার করা এক সংগঠন।

Comments :0

Login to leave a comment