বিলকিস বানো ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাদের জামিন দিল সুপ্রিম কোর্ট। গত ২৮ অক্টোবর এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, দুই আবেদনকারী ইতিমধ্যেই ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। তাদের আপিলে এমন কিছু আইনি ও তথ্যগত প্রশ্ন রয়েছে, যা বিস্তারিত বিবেচনার দাবি রাখে।
জামিন পাওয়া দুই ব্যক্তি হলেন বিপিনচন্দ্র যোশী এবং প্রদীপ মোধিয়া। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাই কোর্ট তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তারা। জামিন মঞ্জুর করার সময় আবেদনকারীদের মধ্যে যোশীর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও বিবেচনায় নেয় আদালত।
শুনানিতে দুই সাজাপ্রাপ্তের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী অপরাধের ভয়াবহতা এবং নিম্ন আদালত ও হাইকোর্টের একাধিক অভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীর দাবি, তাদের একজনের নাম প্রাথমিক এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
এর আগে চলতি বছরের মার্চ মাসে তাদের আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। পূর্ববর্তী শুনানিতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, ধর্ষণের অভিযোগ সংক্রান্ত পুলিশি বয়ান এবং চিকিৎসকের কাছে মেডিক্যাল পরীক্ষার সময় দেওয়া বিবৃতিতে নির্যাতিতা এই দুই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তাদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অপরাধমূলক কাজের অভিযোগও আনা হয়নি বলে দাবি করেন আইনজীবী। তার বক্তব্য, ঘটনার সময় তারা ভিড়ে উপস্থিত থাকতে পারেন এই সম্ভাবনাই তাদের বিরুদ্ধে একমাত্র প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।
উল্লেখ্য, বিলকিস বানো মামলায় মোট ১১ জন দণ্ডিতের আগাম মুক্তি বা রেমিশন ২০২৪ সালের জানুয়ারিতে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের দেওয়া মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো। শীর্ষ আদালত জানায়, এই মামলায় দণ্ডিতদের সাজা মকুব করার এক্তিয়ার গুজরাট সরকারের ছিল না। ১১ জনকেই দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে প্রত্যেকেই কারাগারে ফিরে যান।
২০০২ সালের গুজরাট হিংসার সময় বিলকিস বানোর বয়স ছিল ২১ বছর। তিনি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। তার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিল তার তিন বছরের শিশুকন্যাও।
দুই দণ্ডিতের জামিনের নির্দেশ ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে বিলকিস বানো মামলা। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাদের দোষী সাব্যস্ত করার রায় বাতিল হয়নি। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাবজ্জীবন সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে।
Bilkis Banu case
বিলকিস বানো মামলায় দুই অভিযুক্তের যাবজ্জীবন সাজা স্থগিত, জামিন দিল সুপ্রিম কোর্ট
×
Comments :0