Punjab BJP

পাঞ্জাবে বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটিতে রাঘব চাড্ডা, জায়গা পেলেন আপ ছেড়ে আসা আরও পাঁচ সাংসদ

জাতীয়

২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন সাজাতে শুরু করেছে বিজেপি। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই দলের নির্বাচনী ইস্তেহার কমিটিতে জায়গা পেলেন আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। শুধু চাড্ডাই নন, তার সঙ্গে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আরও পাঁচ সাংসদকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা হয়েছে। এর মধ্যে কয়েকজন রয়েছেন নির্বাচনী ইস্তেহার কমিটিতে, বাকিরা দায়িত্ব পেয়েছেন আপ সরকারের বিরুদ্ধে বিজেপির অভিযোগপত্র বা ‘চার্জশিট’ তৈরির কমিটিতে।
পাঞ্জাব বিজেপির সভাপতি কেওয়াল সিং ধিলোঁ দলের রাজ্যস্তরে এই দুই কমিটি গঠন করেছেন বলে দলীয় বিবৃতিতে জানানো হয়েছে। ধিলোঁ জানিয়েছেন, আগামী দিনে আরও কয়েকটি কমিটি ঘোষণা করা হবে।
প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ও প্রাক্তন সাংসদ অবিনাশ রাই খান্নাকে ইস্তেহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ১৩ সদস্যের এই কমিটিতে রয়েছেন মনপ্রীত সিং বাদল, অশ্বিনী শর্মা, মনোরঞ্জন কালিয়া, সোম প্রকাশ, রানা গুরমিত সিং সোধি, অশ্বিনী সেখরি, সতনাম সিং সান্ধু, রাঘব চাড্ডা, রাজিন্দর গুপ্ত, হরভজন সিং, পরমপাল কৌর এবং এইচ এস ফুলকা।
অন্যদিকে, চার্জশিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে পাঞ্জাব বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ সুনীল জাখরকে। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ইকবাল সিং লালপুরা, বিজয় সাম্পলা, শ্বেত মালিক, পরনীত কৌর, রবনীত সিং বিট্টু, দীনেশ বাব্বু, সুশীল রিঙ্কু, গেজ্জা রাম, বিক্রমজিৎ সিং সাহনি, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, এস এস চান্নি এবং জগমীত সিং ব্রার।
আপ ছেড়ে আসা নেতাদের মধ্যে রাঘব চাড্ডা, শিল্পপতি রাজিন্দর গুপ্ত এবং প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং জায়গা পেয়েছেন ইস্তেহার কমিটিতে। অন্যদিকে, আপের প্রাক্তন পাঞ্জাব নির্বাচনী কৌশলবিদ সন্দীপ পাঠক এবং ব্যবসায়ী অশোক মিত্তল ও বিক্রমজিৎ সিং সাহনিকে রাখা হয়েছে চার্জশিট কমিটিতে। আপ সরকারের বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক অভিযোগ ও অবস্থান তুলে ধরার দায়িত্ব থাকবে এই কমিটির উপর। আপ ছেড়ে আসা সাংসদদের দলে দিল্লির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালও ছিলেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। তার সঙ্গে সন্দীপ পাঠক ও অশোক মিত্তলও সেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে তাদের সঙ্গে যোগ দেন অন্যরা। এই দলত্যাগী গোষ্ঠীর দাবি ছিল, রাজ্যসভায় আপের মোট সাংসদদের দুই-তৃতীয়াংশ তাদের সঙ্গে থাকায় দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিজেপির সঙ্গে মিশে যাওয়ার ক্ষেত্রে তাদের সাংসদ পদ খারিজ হওয়ার কথা নয়। যদিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে আপ।
এই দলত্যাগের ফলে রাজ্যসভায় আপের ১০ জন সাংসদের মধ্যে দলের হাতে থেকে যায় মাত্র তিনটি আসন। তারা হলেন দলের প্রবীণ নেতা সঞ্জয় সিং, ব্যবসায়ী এন ডি গুপ্ত এবং পরিবেশকর্মী তথা আধ্যাত্মিক নেতা বলবীর সিং সিচেওয়াল। পাঞ্জাব থেকে আপের একমাত্র অবশিষ্ট রাজ্যসভা সাংসদ সিচেওয়াল। দলত্যাগের পর সঞ্জয় সিং জানিয়েছিলেন, রাঘব চাড্ডা, অশোক মিত্তল ও সন্দীপ পাঠকের সাংসদ পদ খারিজের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন জানাবেন তিনি।
এদিকে, চার্জশিট কমিটির সদস্য সুশীল রিঙ্কুও আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি কংগ্রেসে ছিলেন। ২০২৪ সালের মার্চে দলবদলের আগে তিনি আপের জালন্ধরের লোকসভা সাংসদ ছিলেন। দুই কমিটির আরও বেশ কয়েকজন সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস সভাপতি সুনীল জাখর, প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও পরনীত কৌর এবং প্রাক্তন রাজ্য মন্ত্রী রানা গুরমিত সিং সোধি।
গত ২৮ মে পাঞ্জাব বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পান কেওয়াল সিং ধিলোঁ। তিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক। ২০২২ সালের জুনে বিজেপিতে যোগ দিয়েছিলেন ধিলোঁ। তার আগে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয় পেয়েছিল আপ।
২০২৭ সালের গোড়াতেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিজেপি এতদিন একাই ১১৭টি আসনে লড়ার কথা বলে এলেও, শিরোমণি অকালি দলের সঙ্গে জোট পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা চলছে বলে রাজনৈতিক মহলে খবর। তবে এবার জোট হলে আগের তুলনায় বেশি আসন চাইছে বিজেপি, যদিও জোটে নিজেদের ছোট শরিক হিসেবেই রাখতে পারে দলটি।

Comments :0

Login to leave a comment