KMC

বাপ্পাদিত্যের পর গ্রেপ্তার কলকাতায় তৃণমূলের আরেক কাউন্সিলর জসিমউদ্দিনও

কলকাতা

পুলিশের হাতে গ্রেপ্তার কলকাতা কর্পোরেশনের আরও এক কাউন্সিলর। ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের মহম্মদ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় ছয় ঘন্টা পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 
জানা গিয়েছে, জসিমউদ্দিনের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, তিন বছর আগে স্থানীয় এক নাবালিকাকে হেনস্থা করে জসিমুদ্দিনের ঘনিষ্ঠরা। এই মর্মে অভিযোগ করা হয় জোড়াসাঁকো থানায়। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ গত শনিবারও মামলা তুলে নেওয়ার জন্য তিনি চাপ দেন। ফের অভিযোগ জানানো হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ জসিমউদ্দিনকে সহ আরও একজনকে।
শনিবার রাতেই কলকাতা কর্পোরেশনের ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল নেতা বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তাঁর সহযোগী তৃণমূলের সৌরভ ঘোষকেও গ্রেপ্তার করা হয়। পাটুলিতে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ বাপ্পাদিত্য দাশগুপ্তকে আলিপুর আদালতে নিয়ে যায়। রবিবার সকালে তাদের আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু মানুষ বিক্ষোভ দেখতে শুরু করেন। ডিমও ছোঁড়া হয়।
পুলিশের জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে চাঁদাবাজি, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগের চেষ্টা এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
স্থানীয় আইনজীবী পারমিতা দে-র দায়ের করা একটি অভিযোগ ভিত্তিতেই বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করা হয়েছে। পারমিতা অভিযোগ করেন যে,  তিনি যখন নিজের বাড়িতে চেম্বার করতে চেয়েছিলেন  তখন বাপ্পাদিত্য দাশগুপ্ত তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করেন।
ওই আইনজীবীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বাপ্পাদিত্য দাশগুপ্ত ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে তাঁর বাড়িতে এসে সম্পত্তি ভাঙচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা করে।

Comments :0

Login to leave a comment