Annapurna Yojana Protests

মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, জেলায় জেলায় বিক্ষোভ

রাজ্য জেলা

অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তা মহিলারা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকা। বিডিও-র দেখা না পেয়ে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিত মহিলারা। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।   
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পেলেও, একটি বড় অংশের মহিলারা এখনও বঞ্চিত। তাঁদের অভিযোগ, বিভিন্ন ত্রুটি ও সমস্যার অজুহাতে তাঁদের টাকা আটকে রাখা হয়েছে। অনেকের ফর্ম বাতিল করে 'আন্ডার এনকোয়ারি' বা তদন্তাধীন রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ফর্মগুলি পুনরায় বিবেচনা করা হবে। কিন্তু গত ১ জুলাই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলেও, কেন এখনও তাঁরা বঞ্চিত সেই প্রশ্ন নিয়েই এদিন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর দ্বারস্থ হন বহু মহিলা।     
মঙ্গলবার মহিলারা বিডিও অফিসে ডেপুটেশন দিতে এলে বিডিও-র দেখা মেলেনি বলে অভিযোগ। এতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তেজিত মহিলারা বিডিও অফিসের সামনেই ফোর-লেন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।      
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের আলোচনার টেবিলে বসার প্রস্তাব দেওয়া হলে, প্রাথমিক পর্যায়ে তাঁরা অবরোধ তুলে নেন। কিন্তু বিডিও অফিসে আধিকারিকদের সাথে আলোচনার পরেও কোনো সদর্থক সমাধান মেলেনি বলে অভিযোগ।           
আলোচনায় সন্তুষ্ট হতে না পেরে ক্ষুব্ধ মহিলারা দ্বিতীয় দফায় পুনরায় জাতীয় সড়ক অবরোধে শামিল হন। শেষ পাওয়া খবরে, এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এবং বঞ্চিত মহিলারা তাঁদের বকেয়া টাকা দ্রুত না পেলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এদিন নামখানা ব্লক দপ্তরে বিক্ষোভ দেখালেন মহিলারা। ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, অ্যাকাউন্টে এখনও তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাননি। যোগ্য প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারি স্তরে গাফিলতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। নামখানা ব্লকের বহু মহিলা এই প্রকল্পের যোগ্য অথচ তাঁদের বঞ্চিত করা হয়েছে। এদিন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে ব্লক দপ্তরে মহিলাদের বিক্ষোভ সামাল দিতে আসে নামখানা থানার পুলিশ। এই প্রকল্পে ব্লকের নোডাল অফিসার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।‌ তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ১৫ দিনের মধ্যে তাঁদের আবেদন খতিয়ে দেখা হবে। 
এদিন বলরামপুর ব্লকের সামনে বিশাল পুলিশ বাহিনী দিয়েও মহিলাদের বিক্ষোভ রোখা যায়নি। পুরুলিয়া পৌরসভায় জমায়েত হয় বিক্ষোভ দেখান শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহিলারা। পৌরসভায় জমায়েত হন শহরের ২৩টি ওয়ার্ডের অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ থেকে বঞ্চিত মহিলারা। অভিযোগ, কেউ দুমাস আবার কেউ একমাস আগে কখনও অফলাইন, কখনও অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু তারা টাকা পাননি। সমস্ত কাগজপত্র জমা দেবার পরও অনালাইনে ঘন ঘন স্ট্যাটাস বদল হয়ে যাচ্ছে। সাইবার ক্যাফে বা পৌরসভা, ব্লক অফিসে দৌড়েও লাভ হয়নি মহিলাদের। বিক্ষোভকারীদের দাবি একই পরিবারের একাধিক মহিলা সদস্য একসঙ্গে আবেদন করার পর কারুর টাকা ঢুকেছে আবার কারুর টাকা ঢোকেনি। কেন তারা টাকা পাবেন না ? কোথায় ভুল হচ্ছে ? এর জবাব চাইতে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন পুরুলিয়া শহরের মহিলারা। পুরুলিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস কুমার মন্ডল জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের যাচাইকরণ করা হচ্ছে, সব প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে। যারা যোগ্য সকলেই টাকা পাবেন। তবে আদৌ কি বঞ্চিত মহিলারা টাকা পাবেন। না কি গোটাটাই ছিল নির্বাচনী চমক।
পূর্বস্থলী এক নম্বর ব্লকে প্রথম দফায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা একাউন্টে ঢুকলেও পরের মাসে একাউন্টে টাকা ঢোকেনি অনেক মহিলার। এই মহিলারা মঙ্গলবার বিডিও দপ্তর এসে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এক মহিলা বাড়ি থেকে আনা ডিম বিডিওর দপ্তরের গেটের দিকে নিক্ষেপ করেন।

Comments :0

Login to leave a comment