ডুয়ার্সের চা বাগানগুলিতে বন্যপ্রাণের নিরাপত্তা কার্যত শিকেয় উঠেছে, তা আরও একবার প্রমাণিত হল। মাত্র এক মাসের ব্যবধানে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকে ফের এক হাতি শাবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। এবার কাঠালগুড়ি চা বাগান থেকে হস্তি শাবকের দেহ উদ্ধার হয়। পর পর দুটি শাবকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংগঠনগুলি। বনদপ্তরের নজরদারি ও ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কাঠালগুড়ি চা বাগানের ১৩ নম্বর ব্লকের একটি নালার মধ্যে এক হাতি শাবকের মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। চা বাগানে হাতির দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান।
প্রাথমিক তদন্তে বন আধিকারিকদের অনুমান, গভীর রাতে দলছুট হয়ে ওই হাতি শাবকটি চা বাগানের গভীর নালায় পড়ে যায়। সেখান থেকে আর কোনোভাবেই ডাঙায় উঠতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে বা চোট পেয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটিই মৃত্যুর প্রকৃত কারণ কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে বলে বনদপ্তর জানিয়েছে।
এই ঘটনা ডুয়ার্সে প্রথম নয়। এর আগে গত মে মাসের ২৩ তারিখেও বানারহাট ব্লকেরই কারবালা চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে আরও একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একই ব্লকে দুটি শাবকের এই ধরনের করুণ মৃত্যু বনদপ্তরের ভূমিকা এবং বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাকেই জনসমক্ষে এনে দিয়েছে।
পরিবেশপ্রেমীদের অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষ মুনাফার স্বার্থে বাগানের জল নিকাশির জন্য গভীর ও বিপজ্জনক নালা তৈরি করে রাখলেও, বন্যপ্রাণীদের সুরক্ষায় কোনো আলম্ব বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় না। অন্যদিকে বনদপ্তরও কেবল ঘটনার পর 'তদন্তের' আশ্বাস দিয়েই দায় সারে। আগে থেকে কোনো ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার সদিচ্ছা তাদের নেই।
এদিকে ঘটনার পর থেকেই কাঠালগুড়ি চা বাগান এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি,অবিলম্বে চা বাগান এলাকায় হাতিদের চলাচলের পথে থাকা সমস্ত ঝুঁকিপূর্ণ ও গভীর নালা এবং গর্তগুলি চিহ্নিত করে সেগুলিকে সুরক্ষিত করতে হবে। বনদপ্তর অবিলম্বে সক্রিয় না হলে আগামী দিনে ডুয়ার্সের বন্যপ্রাণী ও মানুষের সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মীরা। বনদপ্তর জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।
Elephant Calf Dies
ফের হস্তি শাবকের মৃত্যু বানারহাটে
×
Comments :0