Sanju Samson

বিশ্বজয়ীকে নিয়ে উৎসব কোভালমে

খেলা

সঞ্জুর বাসভবনে এম এ বেবি।

 টি-২০ বিশ্বকাপ জয়ের পর সোমবার বাড়ি ফিরলেন সিরিজ সেরা সঞ্জু স্যামসন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরালা সরকারের শিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি, রাজ্যসভার সাংসদ এএ রহিম ও অসংখ্য অনুরাগী। এদিন সাদর অভ্যর্থনায় ভরিয়ে দেওয়া হয় বিশ্বজয়ীকে। এর আগে রবিবার রাতেই কেরলের কোভালমে সঞ্জুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে অভিনন্দন জানালেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক এমএ বেবি। 
সঞ্জুর বাড়ির বাইরে তখন উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। অনেক অনুরাগী জড়ো হয়ে উদ্‌যাপন করছিলেন। সঞ্জুর এই সাফল্যে গোটা এলাকাতেই আনন্দের আবহ তৈরি হয়। বেবি বলেন, ভারতের বিশ্বকাপ জয়ে সঞ্জুর অবদান দেশের জন্য গর্বের মুহূর্ত। তিনি জানান, এই সাফল্যে শুধু ভারতবাসীই নয়, বিশেষ করে মালয়ালিদের আনন্দ আরও বেশি। তাঁর কথায়, সঞ্জু শুধু অসাধারণ ক্রিকেটারই নন, তিনি একটি সুন্দর ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিও। 
সঞ্জুর বাবা বলেন, ছেলে যে সুযোগ পেয়েছিল তা সে ভালোভাবেই কাজে লাগিয়েছে। পরিবারের সবাই এই সাফল্যে খুব খুশি।  বেবি সঞ্জুর বাবাকে শাল পরিয়ে সম্মান জানান। উপস্থিত ছিলেন সাংসদ রহিম, বেবির স্ত্রী বেটি সহ আরও অনেকে। সঞ্জুর মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন বেবি। তিনি সম্প্রতি অস্ত্রোপচারের পর বিশ্রামে আছেন। অক্সিজেন মাস্ক পরে শুয়ে থাকলেও তিনি এক পাশে স্ক্রিনে ছেলের খেলা দেখছিলেন। বেবির কথায়, নারী দিবসে একজন মায়ের জন্য এর চেয়ে বড় উপহার আর হতে পারে না।

Comments :0

Login to leave a comment