অনিন্দিতা দত্ত ও তপন বিশ্বাস: শিলিগুড়ি
ধর্মের নামে বিভাজন রুখে দিয়ে, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, রাজ্য সহ গোটা দেশে তৈরী হওয়া বিরূপ পরিস্থিতিতে সমস্ত প্রতিবন্ধীদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শনিবার দুইদিন ব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দশম রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে। যুদ্ধ ও সামরিক সংঘাতের অভিঘাতে বিশ্ব জুড়ে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়ছে। নানাভাবে মানুষকে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। সম্মেলনের শেষ দিনে যুদ্ধের পথ পরিহার করে শান্তির পথে এগিয়ে আসার আহ্বান জানালো ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্যা রাইটস অফ দ্য ডিসেবলড।
শনিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর দশম রাজ্য সম্মেলনের অন্তিম দিনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক মুরলীধরন বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের কারণে প্রতিদিন নতুন করে মানুষ প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যুদ্ধের এই পরিণতি অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রনেতাদের অবিলম্বে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে যুদ্ধ ও আগ্রাসনের পথ পরিহার করে শান্তির পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
মুরলীধরনের অভিযোগ, আমেরিকার আগ্রাসন এবং পৃথিবীকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার নানা প্রচেষ্টার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। যুদ্ধ কোনও সমস্যার স্থায়ী সমাধান নয়। বরং যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকে। তাঁদের মধ্যেই বহু মানুষ প্রাণ হারান, আহত হন এবং প্রতিবন্ধকতার শিকার হন। তাই যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির দাবিতে জনমত গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
সম্মেলনের শেষ দিনে সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা সম্পাদকীয় প্রতিবেদনের উপর একাধিক প্রশ্ন তোলেন। প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন বিদায়ী সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলী। প্রতিবন্ধী মানুষের অধিকার, সামাজিক সুরক্ষা এবং তাঁদের জীবন-জীবিকার বিভিন্ন সমস্যা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলন থেকেই কান্তি গাঙ্গুলীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হন অনির্বাণ মুখার্জি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন মনি চক্রবর্তী। ১৪৭ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৪৩ জনের সম্পাদক মন্ডলী গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিয়ে প্রতিবন্ধী মানুষের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার বার্তা দিয়ে শেষ হয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর দশম রাজ্য সম্মেলন।
SILIGURI
যুদ্ধের আগ্রাসনে বাড়ছে প্রতিবন্ধী, শান্তির দাবি প্রতিবন্ধী সম্মেলনীর রাজ্য সম্মেলনে
×
Comments :0