Mumbai

মুম্বইয়ের লোকাল ট্রেনে ‘ব্যাড টাচ’-এর প্রতিবাদ, চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ! চাকার নীচে পিষ্ট হয়ে বাদ গেল তরুণীর বাঁ হাত

জাতীয়

মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে মুম্বইয়ের লোকাল ট্রেন। চলন্ত ট্রেনে সহযাত্রীর ‘ব্যাড টাচ’ বা অশালীন স্পর্শের প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনায় ট্রেনের চাকার নীচে পড়ে গিয়ে কনুইয়ের কাছ থেকে বাদ গিয়েছে তরুণীর বাঁ হাত। মাথায় গুরুতর আঘাতও পেয়েছেন তিনি। মাথায় মোট ১৬টি সেলাই পড়েছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, তরুণী বোরিভলি থেকে বিরারগামী লোকাল ট্রেনে উঠেছিলেন। নাইগাঁও স্টেশনের কাছে পৌঁছনোর সময় এক সহযাত্রী তাকে বারবার অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। তরুণীর অভিযোগ, ওই ব্যক্তির আচরণের প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তকে লক্ষ্য করে নিজের চটি ছুড়ে মারেন। এরপর দু'জনের মধ্যে বচসা শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যাত্রী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত পাল্টা গালিগালাজ শুরু করে এবং নিজের চটি ছুড়ে তরুণীকে আঘাত করে বলে অভিযোগ। নাইগাঁও স্টেশনে ট্রেন পৌঁছনোর পরেও তাদের মধ্যে বিবাদ চলতে থাকে।
অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত তরুণীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ট্রেনের দুটি কামরার মাঝের ফাঁকে পড়ে যান তিনি। কোনওরকমে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময়ই চলতে শুরু করে ট্রেন। তখনই ট্রেনের চাকার নীচে চলে যায় তার বাঁ হাত। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করেন কর্তব্যরত এক পুলিশকর্মী এবং কয়েকজন যাত্রী।
এই সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণী জানিয়েছেন, বোরিভলি থেকে নাইগাঁও যাওয়ার পথে ওই ব্যক্তি তাকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করেন। প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনার বাড়িতে কি মা-বোন নেই?’ কিন্তু তাতেও অভিযুক্তের আচরণ বদলায়নি বলে অভিযোগ।
তরুণীর কথায়, তিনি অভিযুক্তকে গালিগালাজ করলে পাল্টা গালিগালাজ করে ওই ব্যক্তি। তাকে সরিয়ে দেওয়ার জন্য চটি দিয়ে মারতে গেলে অভিযুক্তও নিজের চটি দিয়ে তাকে আঘাত করে। এরপরই তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
তরুণী বলেন, ‘আমি বিচার চাই। আমার গোটা জীবনটাই শেষ হয়ে গেল। সংসারের সমস্ত দায়িত্ব আমিই সামলাতাম। সবকিছু আমাকেই দেখতে হত। এখন একটা হাত দিয়ে আমি কীভাবে সব করব? মাথায় ১৬টি সেলাই পড়েছে। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আর অভিযুক্তের কঠোর শাস্তি চাই।’
এদিকে, গোটা ঘটনায় পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। পরিবারের অভিযোগ, এত গুরুতর ঘটনার পরেও অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারা (খুনের চেষ্টা) যুক্ত করা হয়নি।
এই নিয়ে পরিবারের সদস্যরা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএসের দ্বারস্থ হন। এরপর দলের প্রতিনিধিরা সরকারি রেল পুলিশ (জিআরপি)-র এক সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেন। অভিযোগ, তাদের আশ্বাস দেওয়া হয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ধারাগুলি যুক্ত করা হবে।
এই ঘটনায় ফের একবার মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে এক তরুণীকে এমন ভয়াবহ পরিণতির মুখে পড়তে হওয়ায় রেল পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

Comments :0

Login to leave a comment