গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করার অভিযোগ রয়েছে। প্রোমোটার মারধরের অভিযোগে দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননী গ্রেপ্তার হতেই সংশয় তৈরি হয়। গ্রেপ্তার হওয়ায় আশঙ্কায় কলকাতা হাইকোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। যে কোনও মুহূর্তে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন দেবরাজ চক্রবর্তী। প্রথমে রক্ষাকবচ দেওয়া হলেও পরে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফের আদালতে যান তাঁরা। অদিতিকে রক্ষাকবচ দেওয়া হলেও, দেবরাজ ছাড় পাননি।
রাজ্য রাজনীতিতে বরাবরই বেশ চর্চিত নাম দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি। উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসাবে তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা। ২০১৩ সালে পৌরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেবরাজ। কিন্তু তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। ২০১৫-তে তিনি টিকিট পান নি। তারপর তিনি কংগ্রেসে যোগ দেন।
বিধাননগর পৌরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়েন দেবরাজ। সেই নির্বাচনে জিতেও যান। জেতার পরে ফের দেবরাজ ফিরে আসেন তৃণমূলে। বিয়ের পর স্ত্রী কীর্তন শিল্পী অদিতি মুন্সি’কে রাজনীতিতে নিয়ে আসেন তিনি। তৃণমূলের টিকিটে ২০২১ সালে রাজারহাট-গোপালপুর আসনে বিধায়ক হন অদিতি মুন্সি। আর এরপর থেকেই দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ উঠছিল। দেবরাজ নাম জড়ায় নিয়োগ দুর্নীতি মামলাতেও। তার বিরুদ্ধে অভিযোগ নির্বাচনী হলফনামায় সঠিক পরিমাণ সম্পত্তি দেবরাজ দেখাননি।
হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারি কার্যত সময়ের অপেক্ষা ছিল বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। আইনি রক্ষাকবচ না মেলায় তাঁকে নিজেদের হেপাজতে নিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। গা ঢাকা দেন তিনি। তদন্তকারী আধিকারিকরা মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে জানতে পারে পুরুলিয়ার রয়েছেন দেবরাজ। তথ্যের ভিত্তিতেই পুরুলিয়ায় হানা দিয়ে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ।
Debraj Chakraborty
গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী
×
Comments :0