Howrah

হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা হাইকোর্টে

রাজ্য জেলা

হাওড়া পৌরসভার আসন পুনর্বিন্যাসের বিরোধীতা করে আদালতের দারস্থ হলো সিপিআই(এম)। দলের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে প্রায় ১২ বছর হাওড়ায় কোন নির্বাচিত পৌর বোর্ড নেই। কোন আলোচনা ছাড়াই অনৈতিক ভাবে ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য কলকাতা এবং হাওড়া পৌরসভায় ওয়ার্ড বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ওয়ার্ড ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। অন্যদিকে হাওড়ায় ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৪। মুখ্যমন্ত্রী জুলাই মাসে জানিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যে দুই পৌরসভায় নির্বাচন করাবে রাজ্য সরকার। তার আগে হবে ওয়ার্ড পুনর্বিন্যাস। এই প্রক্রিয়াতেই দেখা যায় বিধানসভা নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে নিজেদের সুবিধা মতো অন্য ওয়ার্ড ভাগ করেছে বিজেপি। কলকাতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন ২০টি বুথ নিয়ে হয়ে এক একটি ওয়ার্ড, ভোটার সংখ্যা থাকবে ১৬ হাজারের কাছে। কিন্তু যেই ওয়ার্ড তালিকা এবং ম্যাপ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কোন ওয়ার্ডে বুথের সংখ্যা ১৪, আবার কোথাও ২৬টি বুথ। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। ডিভিসন বেঞ্চ জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের রায় না আসা পর্যন্ত কোন ভাবেই কলকাতায় করা যাবে না নির্বাচন। এবার হাওড়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও হাওড়া পৌরসভা নিয়ে হাইকোর্ট এখনও কোন মতামত জানায়নি।
বিজেপির রাজ্য নেতৃত্বের কথায়, নির্বাচন আটকাতে মামলা করছে সিপিআই(এম)। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, পৌরসভা ভেঙে যাওয়ার পরে পুর কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার ক্ষমতাই নেই। অথচ তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। 
অভিযোগ, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সামঞ্জস্য রাখা হয়নি। ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের বিষয়গুলি যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি।  
অন্যদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতার ওয়ার্ড গুলোয় কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে বিজেপির লোকদের বসানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ নির্বাচন না করিয়ে ঘুরিয়ে কলকাতা পৌরসভার দখল নিতে চাইছে বিজেপি।

Comments :0

Login to leave a comment