এসএসসি’র চাকরিহারা যোগ্য শিক্ষক স্বপন দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাঁশঝাড় থেকে। বৃহস্পতিবার বক্সিরহাট থানার পূর্বরামপুর এলাকায় শ্বশুরবাড়ির কাছে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারানোর ধাক্কা এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় চাকরির অনিশ্চয়তার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের এই ইংরেজি শিক্ষক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের বাড়ি তুফানগঞ্জ-১ ব্লকের দেওচড়াই পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। কর্মসূত্রে তিনি জলপাইগুড়িতে থাকতেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই ক্যাম্পের পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে রামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে দেহটি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রয়াত স্বপন দাসের শ্বশুর দীপু দাস সাংবাদিকদের জানিয়েছেন, ‘চাকরির অনিশ্চয়তা নিয়ে স্বপন মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওর পরিবারও আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে দিন যাচ্ছিল। ওর বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। ভাইও অসুস্থ। আমরা ওকে মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য প্রতিনিয়ত বোঝাতাম। কিন্তু শেষ পর্যন্ত মানসিক বিপর্যয়েই ও আত্মহননের পথ বেছে নিলো। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের।’ ভাইফোঁটা উপলক্ষে দিন দুয়েক আগে স্ত্রী কাকলি দাসকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। শুক্রবার, ১৩ নভেম্বর স্কুল খোলার কথা থাকায় ওই দিনই জলপাইগুড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের।
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন প্যানেলে চাকরি পেয়েছিলেন স্বপন দাস। তবে আদালতের নির্দেশ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে ২০২৫ সালে তাঁর চাকরি চলে যায়। যদিও পরবর্তীতে ‘যোগ্য’ চাকরিহারা হিসাবেই তিনি ওই স্কুলেই শিক্ষকতা চালিয়ে যাচ্ছিলেন এবং নতুন এসএলএসটি ২০২৫’র পরীক্ষাতেও পাশ করেছিলেন। নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকায় নাম ছিল তাঁর। কিন্তু দীর্ঘ আইনি লড়াই, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং আগামী ৩১ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ হওয়া কথা নিয়ে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। এই নিয়ে মোট ১৪ জন যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর দায় কার? প্রশ্ন যোগ্য চাকরিহারা শিক্ষকদের।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা রাকেশ আলমের বক্তব্য, ‘আমরা ১৪ জন যোগ্য সহযোদ্ধাকে হারালাম, যাঁদের দুর্নীতির সঙ্গে কোনও যোগ ছিল না। এর মধ্যে একাধিক শিক্ষক রয়েছেন যাঁরা মারণব্যাধিতে মারা গেছেন আবার এমন শিক্ষকও রয়েছেন যাঁরা নতুন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার পাশাপাশি নিয়োগের পরের অনিশ্চয়তাও কারণ। ২০১৬ সালের নিয়োগে দুর্নীতি না করেও যদি চাকরি খোয়াতে হয়, নতুন নিয়োগ প্রক্রিয়ার একাধিক নিয়ম বদল, একাধিক আইনি জটিলতা থাকায় চাকরি পাওয়ার পরেও চাকরি থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে আশঙ্কায় দিন কাটাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা।’ মঞ্চের বক্তব্য যে, দীর্ঘদিনের অনিশ্চয়তা, সামাজিক মর্যাদাহানি, আর্থিক সঙ্কট এবং ন্যায়বিচারের অপেক্ষা একজন মানুষের জীবনকে কতটা বিপর্যস্ত করে তুলতে পারে, তাঁর মর্মান্তিক পরিণতি আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। স্বপন দাসের মৃত্যুকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে রাজি নয় মঞ্চ। বর্তমান সরকারকে পূর্ববর্তী রাজনৈতিক প্রতিশ্রুতির জবাব দিতে হবে এবং চাকরিহারা যোগ্য ও নির্দোষ শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, এই দাবি তাদের। সেইসঙ্গেই বিচার প্রক্রিয়ায় মানবিকতা, সাংবিধানিক অধিকার এবং নিরপরাধ ব্যক্তিদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে দাবি মঞ্চে।
অন্যদিকে সকল যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছে ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশন মঞ্চ’। তাঁদের দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রথম এসএলএসটি’র যোগ্য শিক্ষক এবং তৃতীয় আরএলএসটি’র শিক্ষাকর্মীদের জন্য ‘নতুন নিয়োগ প্রক্রিয়া’র আয়োজন করতে হবে।
এবটিএ’র সাধারণ সম্পাদক সুজিত দাসের বক্তব্য, যোগ্য-অযোগ্য শনাক্তকরণ হয়ে গেলে যোগ্যদের কর্মস্থলে সসম্মানে পুনর্বহাল করার ক্ষেত্রে কোনও অসুবিধা আছে বলে আমাদের মনে হয় না। তবে সে বিষয়টি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মীমাংসা করা উচিত বলে আমরা মনে করি। না হলে এরকম আরও ঘটনা রাজ্যে ঘটতে পারে যেটা হৃদয়বিদারক এবং বর্তমান সমাজে কাঙ্ক্ষিত নয়।
Teacher Suicide
আত্মঘাতী চাকরিহারা আরেক যোগ্য শিক্ষক
×
Comments :0