GDP GROWTH

অবাস্তব স্বপ্ন ফেরি

সম্পাদকীয় বিভাগ

নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বিকশিত ভারতের স্বপ্নে বিভোর। সেই স্বপ্নের ডানায় ভর দিয়ে আম জনতাকেও তারা মোহগ্রস্ত করার বেপরোয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু বিকশিত ভারত যে আসলে কি বস্তু সেই সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকেরই নেই। কোনও বস্তুর গুণমান সম্পর্কে কোনও মাপকাঠি ছাড়াই যদি ব্রান্ড মূল্যবৃদ্ধির ঢালাও প্রচার চলে তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে সেখানে কোনও জুমলা আছে। সাধারণ জ্ঞান থেকে এটা ধরে নেওয়া হয় যে বিকশিত কথার অর্থ উন্নত অর্থনীতি। যে দেশের মাথা পিছু আয় অতি উচ্চ, দারিদ্র বলতে তেমন কিছু নেই, জীবনযাত্রার মানও অতি উচ্চ, শিল্পে অগ্রসর, শিক্ষা-স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে অপরাপর দেশ থেকে অনেক এগিয়ে। অর্থাৎ আমেরিকা, পশ্চিম ইউরোপের দেশগুলি এবং জাপানের মতো দেশগুলিকে উন্নত বা বিকশিত দেশ হিসাবে দুনিয়া চেনে।
ভারত মধ্য আয়ের একটি বৃহত্তম জনসংখ্যার দেশ। উন্নয়নশীল দেশগুলির মধ্যে এগিয়ে থাকা বিকাশমান দেশ। মাথাপিছু আয়ে ভারতের অবস্থান একেবারে নিচের দিকে। দ্রুত বিকশিত হবার মতো কোনও সূচক আপাতত দৃশ্যমান নয়। এমন একটি দেশকে আগামী কুড়ি বছরের মধ্যে আমেরিকা, ব্রিটেন, জার্মানির সমকক্ষ করে ফেলার ভাবনা একরকম দিবা স্বপ্নের মতই। উন্নতির মাপকাঠিতে ভারত এখন যে স্তরে আছে সেখান থেকে এত কম সময়ে উন্নত দেশের শিরোপা পাওয়ার নজির আর কোনও দেশের নেই। যদি জিডিপি’র হার বৃদ্ধিকেই উন্নত হবার সূচক ধরা হয় তাহলে বর্তমান হারে জিডিপি বাড়লে চল্লিশ বছর পরেও উন্নত হবার সম্ভাবনা নেই। আর যদি মাথাপিছু আয়কে সূচক ধরা হয় তাহলে ভারতের আগেই বাংলাদেশ বিকশিত বাংলাদেশ হয়ে যাবে। সর্বদা দাবি করা হয় ভারতের অর্থনীতির ভিত্তি অত্যন্ত শক্তিশালী। অথচ ভারতের মুদ্রা টাকা অত্যন্ত নড়বড়ে। মার্কিন ডলারের পাশে বাংলাদেশের টাকা যতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারে ভারতের টাকা ততটা পারে না।
বেশ কয়েক বছর ধরে দাবি করা হচ্ছে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। ইতিমধ্যে গোল পোস্ট কয়েকবার পিছিয়ে দেবার পরও ৫ ট্রিলিয়নের ধারে কাছে পৌঁছাতে পারেনি। সরকারের আর একটি স্বপ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। বাস্তবে তৃতীয় বৃহত্তম দূর অস্ত, সম্প্রতি পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে পিছিয়ে সপ্তম স্থানে অবনমন ঘটেছে। মোদী জমানায় শেয়ার বাজারের উত্থান ছিল নজর কাড়া। এখন শেয়ার বাজারের নথিভুক্ত শেয়ারের মোট মূল্যে দু’ধাপ নিচে নেমে গেছে ভারত। হঙকঙ ও তাইওয়ান ভারতকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে।
প্রতিদিনে নতুন নতুন সাফল্যের দাবি করা হলেও উন্নয়নের আসল সূচকে কিন্তু ভারত পিছিয়ে পড়ছে। উন্নয়ন মানে কেবল জিডিপি’র পরিমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি জরুরি জিডিপি’র সুষম বণ্টনও। আসল কথা হলো ভারতে কর্মপ্রার্থীদের মধ্যে কর্মরতের হার গত দশ বছরে কমে গেছে। তেমনি তাদের প্রকৃত আয়ও বাড়েনি। দেশে কর্মরত মানুষের সংখ্যা গত দশ বছরে কিছুটা বাড়লেও নতুন কর্মপ্রার্থীর সংখ্যা বেড়েছে অনেক বেশি। তাই কর্মহীনের হার ও সংখ্যা বেড়েই চলেছে। বিকশিত ভারতের পথে দেশ আগুয়ান হলে উল্টোটা হতো।

Comments :0

Login to leave a comment