FIFA World Cup

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় ম্যাচ সরানোর অনুরোধ ইরানের সম্মতি মেক্সিকোর, রাজি নয় ফিফা

খেলা

ফুটবল বিশ্বকাপের ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরানোর জন্য ফিফাকে অনুরোধ করল ইরান। ফুটবলারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ম্যাচ সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা। নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি মেক্সিকোয় সরিয়ে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করল ইরানের ফুটবল সংস্থা। মেক্সিকোও বিশ্বকাপের বেশি ম্যাচ আয়োজন করতে রাজি।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সমাজমাধ্যমে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। তিনি ঘুরিয়ে ইরানের ফুটবল দলকে সে দেশে যেতে বারণ করেছেন। বিষয়টা উদ্বেগের। আমরা ফিফার সঙ্গে কথা বলছি। আমাদের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।’ 
তবে, এদিন পোস্টটি তাজ নিজের অ্যাকাউন্ট থেকে করেননি। মেক্সিকোয় অবস্থিত ইরানের দূতাবাসের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি ইরানের খেলার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে।
অন্য দিকে, ইরানের প্রস্তাব লুফে নিয়েছে মেক্সিকো। সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম বলেছেন, ‘আমাদের কোনও সমস্যা নেই। ইরানের সব ম্যাচ আয়োজন করতে আমরা প্রস্তুত। বিশ্বকাপের উদ্যোক্তারা ম্যাচে কেন্দ্র পরিবর্তন করতে রাজি হলেই আমরা সব ব্যবস্থা করে ফেলব।’
তবে বেঁকে বসেছে ফিফা। তারা ইরানের ম্যাচ মেক্সিকোয় সরাতে রাজি নন। যদিও ইরান ফুটবল ফেডারেশনের দাবি, তারা ফিফার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। 
ফিফা জানিয়েছে, তারা সব অংশগ্রহণকারী দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ আয়োজন করতে চায়। ফিফার কয়েকজন সূত্রের মতে, ইরানের ম্যাচ অন্য দেশে সরালে অনেক সমস্যা তৈরি হবে। ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গেছে। সম্প্রচার সূচি ও স্পনসরশিপ চুক্তিও চূড়ান্ত। তাই পরিবর্তন করা কঠিন। কিছু পর্যবেক্ষকের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান দু’পক্ষই এক ধরনের চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে, যাতে শেষ পর্যন্ত একে অপরকে দায়ী করা যায়। এর মাঝখানে পড়ে গেছে ফিফা।
ফিফা সম্ভবত ৩০ এপ্রিল ভ্যানকুভারে হতে চলা তাদের কংগ্রেসের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। আপাতত তারা চায়, ইরান টুর্নামেন্টে অংশ নিক। যদি ইরান শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে তার বদলে কোন দেশ খেলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ফিফার।

Comments :0

Login to leave a comment