রাজ্যের জনকল্যাণ প্রকল্পের সুবিধা পেতে এসে চরম ভোগান্তির শিকার ধূপগুড়ির ব্লকের সাধারণ মানুষ। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের ঢিল ছোড়া দূরত্বে থাকা দোকান গুলিতে চড়া দামে ফর্ম বিক্রি এবং জেরক্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ পেতেই তড়িঘড়ি নড়েচড়ে বসে ব্লক প্রশাসন।
গত ১৫ জুন থেকে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে জনকল্যাণ শিবির চলছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর মানুষ সরকারি প্রকল্পের আবেদনের জন্য ভিড় করছেন। অভিযোগ, শিবিরের ভেতর ফর্মের জোগান অপ্রতুল হওয়ায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে বিডিও অফিসের বাইরে থাকা দোকানগুলির দ্বারস্থ হতে হচ্ছে। আর সেই সুযোগেই চলছে দেদার লুঠ। ভুক্তভোগীদের অভিযোগ, একটি ফর্মের জন্য কোনো দোকানদার ২০ টাকা, আবার কেউ ৩০ টাকা পর্যন্ত আদায় করছেন। শুধু ফর্ম নয়, আবেদনের প্রয়োজনে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করতে গিয়েও সাধারণ মানুষকে অতিরিক্ত ৫ থেকে ১০ টাকা দিতে হচ্ছে। চরম ভোগান্তিতে পড়া সফিয়ার রহমান বলেন, ‘‘সরকারি শিবিরে ফর্ম পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দোকান থেকে চড়া দামে ফর্ম কিনতে হচ্ছে। আবার জেরক্সের জন্য বাড়তি খরচ করতে হচ্ছে। আমাদের পকেট খালি হচ্ছে।’’
এই অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। বিষয়টি জানাজানি হতেই বিডিও সোমনাথ হালদার তড়িঘড়ি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি প্রতিটি দোকানে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো ভাবেই সরকারি ফর্মের অতিরিক্ত মূল্য আদায় বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
সিপিআই (এম) ধূপগুড়ি এরিয়া কমিটির সদস্য নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিডিও অফিসের নাকের ডগায় এই লুঠ চলছে, অথচ প্রশাসন এতদিন নীরব ছিল। সরকারি প্রকল্পের ফর্ম বিনামূল্যে পাওয়া সাধারণ মানুষের অধিকার। এই লুটপাটের সাথে প্রশাসনের মদতপুষ্ট অসাধু ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। সাধারণ মানুষকে বিপদে ফেলে টাকা রোজগারের এই ঘৃণ্য রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ব্লক প্রশাসনকে শুধু হুঁশিয়ারি দিলেই হবে না, বরং প্রতিটি শিবিরে ফর্মের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে হবে। কেন এতদিন ফর্মের অভাব ছিল এবং কাদের প্রশ্রয়ে সাধারণ মানুষকে লুঠ করা হচ্ছিল, তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’’
Janakalyan Shibir
সরকারি প্রকল্পের ফর্ম ও জেরক্সে দেদার লুঠ, ক্ষুব্ধ ধূপগুড়ির মানুষ
×
Comments :0