Swaroop Biswas Arrested

স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার

রাজ্য

অবশেষে গ্রেপ্তার টলিউড মাফিয়া ‘বিশ্বাস ব্রাদার্স’এর স্বরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, সিনেমাপাড়ার ‘হর্তা-কর্তা-বিধাতা’ বনে যাওয়া এই ব্যক্তিকে তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা তুলতেন তিনি। এছাড়াও একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 
টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্‌স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশের কলাকুশলী এবং কর্মচারীদের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ‘বিশ্বাস ব্রাদার্স’এর অঙ্গুলিহেলনেই চলতো সিনেমাপাড়া। পালাবদলের পর তা উধাও হয়েছে। ফেডারেশন ভেঙে দিয়ে সরাসরি দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের (কনফেডারেশন) আওতাভুক্ত করা হচ্ছে টলিউডের কলাকুশলীদের। এখন ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বদলে বিজেপি’র প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলবে টালিগঞ্জের সিনেমাপাড়া।  
সূত্রের খবর, টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য এক মহিলা স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বছর দুয়েক কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, মহিলাকে ভয়ও দেখানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন এই পদক্ষেপ নিয়েছে নিউ আলিপুর থানা। হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে।
নির্বাচনের ফল প্রকাশের পর স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাসও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। তিনি কলকাতা কর্পোরেশনের ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপার্সন। জুঁই জানান, ২০১৯ সাল থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন। নানা কারণে আইনি পদক্ষেপ করতে পারেননি। তবে এবার স্বরূপের সঙ্গে আইনি পথে তিনি বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ নিয়েছেন।

Comments :0

Login to leave a comment