অনন্ত সাঁতরা: আরামবাগ
আরামবাগ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বীথিকা পন্ডিতের সমর্থনে মহামিছিল ঘিরে লাল ঝড় সাড়া ফেলল গোটা এলাকায়।
বুধবার প্রখর উত্তাপের মধ্যে আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে হয় মিছিল।
আরামবাগ মহকুমা শহরের অসংখ্য নিত্যযাত্রীদের চোখ আটকে যায় লাল ঝান্ডার উদ্দীপ্ত মহামিছিল দেখে। বামফ্রন্ট কর্মীদের সঙ্গে ছিলেন আইএসএফ’র কর্মী সমর্থকরা। দীর্ঘদিন পর এ যেন আরামবাগের বুকে লাল সুনামি।
মিছিল দেখতে অফিস টাইমেও ব্যস্ততম আরামবাগের রাস্তার দু ‘ ধারে প্রচুর মানুষ ভিড় করেন। লালঝান্ডার মিছিল দেখে তাদের চোখে মুখে উচ্ছ্বাস। মিছিলে ছিল ট্যাবলো। মহিলা ঢাকিদের বাজনা সবার নজর কাড়ে।
হুড খোলা প্রচার গাড়িতে ছিলেন আরামবাগ কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত এবং আইএসএফ সমর্থিত সিপিআই(এম) প্রার্থী বীথিকা পন্ডিত, খানাকুল কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ও আইএসএফ মনোনিত প্রার্থী সাদ্দাম হোসেন। ছিলেন এসএফআই’র সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জিও।
মিছিল নেতাজি স্কোয়ার থেকে শুরু হয়ে পুরাতন বাজার, পোস্ট অফিসের সামনে দিয়ে গৌরহাটি মোড়, বসন্তপুর মোড় হয়ে ফের নেতাজি স্কোয়ারে এসে সমবেত হয়।
এখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, বামফ্রন্ট মানুষের জীবন জীবিকার সুরক্ষার দাবিতে লাগাতার লড়াই আন্দোলন করে আসছে। অন্যদিকে লুটেরা-দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং বিভাজনের রাজনীতি করা বিজেপি‘র দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। সর্বত্রই লাল ঝান্ডার পতাকা তলে মানুষ সমবেত হচ্ছেন।
সভা শেষে বাইক মিছিল করে গ্রাম গঞ্জে প্রচার শুরু হয়। দুপুরে খাবারের বিরতির পর বিকেলে ফের প্রচার মিছিল শুরু হয়।
Comments :0