Minakhshi Mukherjee

প্রকৃত বিরোধীর ভূমিকায় থেকেছে বামপন্থীরাই: মীনাক্ষী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

উত্তরপাড়ায় জনতার মাঝে মীনাক্ষী মুখার্জি।

অরিজিৎ মণ্ডল: উত্তরপাড়া

জনতার অধিকারের লড়াই বা জীবন জীবিকার প্রতিদিনের লড়াইয়ে প্রকৃত বিরোধীর ভূমিকা পালন করেছে বামপন্থীরাই। প্রতিবাদের সেই স্বরকে বিধানসভার ভেতরে পৌঁছে দিতে চাইছেন জনতা। উত্তরপাড়া বিধানসভার মেজাজও সেকথাই বলছে।
উত্তরপাড়া কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারের অভিজ্ঞতা জানিয়ে জনতার এমন সাড়ার কথাই জানিয়েছেন।   
এদিন হিন্দমোটরে সাংবাদিক সম্মেলন করেন মীনাক্ষী। ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা শ্রুতিনাথ প্রহরাজ সহ নেতৃবৃন্দ। 
মীনাক্ষী বলেছেন, উত্তরপাড়ায় মানুষকে সিপিআই(এম)’র পক্ষ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল। সেই নম্বরে অনেক মানুষের পরামর্শ এসেছে। আবার একইভাবে সমালোচনাও এসেছে। বাসিন্দারা বিভিন্ন অভিযোগ বা না-পাওয়ার কথা সিপিআই(এম)-কে বলেছেন। এর থেকেই স্পষ্ট আমাদের থেকেই সুরাহা চাইছেন তাঁরা।
মীনাক্ষী বলেছেন যে বামপন্থীদের আন্দোলনের জেরেই জাল স্যালাইন চক্র সামনে এসেছে। তিনি বলেন, ২০২০ সালে বিদ্যুৎ বিল ঘোষণা করেছিল বিজেপি। এখানে স্মার্ট মিটার বসানোর জন্য নোটিশ জারি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লাল ঝান্ডার লড়াই, বিদ্যুৎ কর্মীদের লড়াই, নাগরিকদের লড়াইয়ের ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার স্মার্ট মিটার বসানো বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তিনি বলেছেন, ডিএ-র দাবিতে আন্দোলনে জিতেছি আমরাই। সরকারি স্কুলগুলিতে ২৪০ টাকার বেশি ফি নিচ্ছিল। সেখানেও আন্দোলন করে বাধ্য করা হয়েছে ২৪০ টাকার বেশি ফি না নিতে। আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে খুনে বিচারের দাবিতে আন্দোলনে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছিলেন। 
মীনাক্ষীকে প্রশ্ন করা হয় আপনি যদি উত্তরপাড়ায় হেরে যান তাহলে কি উত্তর পাড়ার মানুষের পাশে থাকবেন? 
মীনাক্ষী বলেন, ''২০২১ সালে নির্বাচনের পর লাল ঝাণ্ডার একজনও বিধায়ক ছিল না। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আশি হাজারেরও বেশি বুথে ১০০ দিনের কাছ থেকে শুরু করে চা বাগান বন্ধ, চা বাগানে জমি বিক্রি, রেড ভলান্টিয়ার, আরজি কর, জাল স্যালাইন, চাকরি বিক্রি, গরিব মানুষের পাশে দাঁড়ানো, শ্রমিকের অধিকারের জন্য লড়াই করেছে একমাত্র লাল ঝান্ডার কর্মীরাই।’’
এদিন সাংবাদিক সম্মেলনে উত্তরপাড়া কেন্দ্রে বামপন্থীদের নির্দিষ্ট লক্ষ্য জানিয়ে পুস্তিকা প্রকাশ করা হয়। বিধানসভা ভিত্তিক ইশ্‌তেহারে স্লোগান, ‘বদলে দিলে পালটে যাবে উত্তরপাড়া’। 
মীনাক্ষী বলেছেন যে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকাকে গুরুত্ব দেওয়া জরুরি। গত পাঁচ বছর সেই ভূমিকা পালন করে গিয়েছে বামপন্থীরা। টানা থেকেছে রাস্তায়, চালিয়েছে লড়াই। তার ভিত্তিতেই পরিস্থিতি বদলে দেওয়ার স্লোগান দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment