Dinhata

দিনহাটায় নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক

জেলা

দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার পাট ক্ষেত থেকে এক নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয় বুধবার সন্ধ্যায়। স্থানীয়রা সন্দেহ করেন ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নামে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতেই সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি মেলায় শরিফুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে আদালত দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ওই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এদিন বিকেলে জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়েছেন। জেলা পুলিশ সুপার ঘটনার খোঁজ খবরের পাশাপাশি মৃত নাবালিকার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। 
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহলের ওই গ্রামের নিহত নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। আশপাশের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবরের পর বিকেলের দিকে একটি পাট খেতে তার মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ওই ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে উঠে আসে শফিকুল শেখ নামে এক যুবকের নাম। ওই যুবক ওই নাবালিকা ছাত্রীকে মাঝে মধ্যেই পড়াতে আসতেন বলে জানা গিয়েছে। এদিকে নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার সাধারণ মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন।
এদিন বিকেলে জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনার খোঁজ খবরের পাশাপাশি মৃত ওই ছাত্রীর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। তাদের তিনি তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঁপা উত্তেজনার রয়েছে।
এই ঘটনার সিপিআই(এম)’র তরফ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। পার্টির জেলা নেতা শুভ্রালোক দাস বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।

Comments :0

Login to leave a comment