কবিতা | কল্পলোক
লোপামুদ্রা ভট্টাচার্য
মুক্তধারা | বর্ষ ৪ | ২৯ মে ২০২৬
------------------------------
রাজার বাড়ি কোথায় আছে মামার কানে কানে
ইরুই কেবল বলেছিল--" এই বাড়ির এইখানে "
শিশু মনের কল্পনাতে ভাবলে তুমি মনে
"ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে"
"রুপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাত"
সাতমহলার সিঁড়ির গড়ন সাদা হাতির দাঁত।
এখন কেন হয় না আলাপ ইরুর সাথে রবির !
কোথাও আর খোঁজ মেলে না কল্পলোকের ছবির
মনের কোণে উঁকি দেবার পায় না অবকাশ
ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে শৈশবের আকাশ
অবাক চোখে হোক -না -তারা তোমার মতো বোকা
স্বপ্নে তাদের জেগে থাক রূপকল্পরেখা....
Comments :0