Hawker Maldaha

মালদহে উচ্ছেদে নামল প্রশাসন, পুলিশ শাসাচ্ছে হকারদের

জেলা

মালদহে পুলিশ তুলে দিতে নেমেছে হকারদের। ছবি: উৎপল মজুমদার

মুখ্যমন্ত্রীর সফরের পরপরই মালদহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকার উচ্ছেদ করতে পথে নামল পুলিশ ও প্রশাসন। 
শনিবার ও রবিবার শহরের মকদুমপুর ও গৌড়রোড মোড় থেকে রাস্তার ধারে বসা হকারদের উচ্ছেদে তৎপরতা দেখাতে শুরু করল প্রশাসন। হুমকি দেওয়া হয়েছে যে স্বেচ্ছায় সরে না গেলে তাদের সব সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। 
হকাররা জানতে চেয়েছেন কোথায় বসা যাবে? কোনও উত্তর দেয়নি উচ্ছেদ করতে আসা পুলিশ আধিকারিকরা। 
এই হকাররা কেউ ভ্যানে, কেউ ঠেলায় কেউ আবার ডালি নিয়ে বসে সবজি, ফল, আম বিক্রি করতেন। জনবহুল এলাকা হওয়ায় তাদের বিক্রিও ভালো হতো। 
ফলে স্বাভাবিকভাবেই সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনা সহ  অন্যান্য পরিষেবা সংসারের মানুষকে দিতে পারতেন। ফলে এইসব হকাররা সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। 
রাজ্য সরকারের সিদ্ধান্তে পুলিশ যেভাবে হকারদের উচ্ছেদ করছে, গরিব হকারদের পরিবারের পেটে লাথি মারছে তাকে ধিক্কার জানিয়ে সিআইটিইউ অনুমোদিত মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের সভাপতি অনুপম গুন ও সম্পাদক মিন্টু চৌধুরী বলেন যে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। অবিলম্বে হকার্স জোন তৈরি করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment