মঙ্গলবারও প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। সোমবার, বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পাঞ্জাবের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েছে কেকেআর। সিএবি’র অন্দরমহলে কান পাতলে শোনা গেল, নিশ্চিত হার জেনেই নাকি কেকেআর ম্যাচটা খেলতে রাজি হয়নি?
বৃহস্পতিবার মরশুমের চতুর্থ ম্যাচ। প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। এদিন বিকেল পাঁচটা থেকে প্র্যাকটিস ছিল কেকেআরের। বিকেল পৌনে পাঁচটা নাগাদ, হেড কোচ অভিষেক নায়ার যখন ইডেনে পা রাখলেন। তখন আকাশের মুখ ভার। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। ঠিক পঞ্চাশ মিনিট পর, সেইসঙ্গে তীব্র ঝড়। মাঠে উপস্থিত কেকেআরের ক্রিকেটাররা আশ্রয় নিতে দ্রুত ছুটলেন ড্রেসিংরুমে।
মঙ্গলবারের অনুশীলনে সবাই উপস্থিত। হালকা স্ট্রেচিং করে, নেটে নকিং শুরু করে দিলেন অধিনায়ক রাহানে। মিনিট পনেরো ব্যাটিং মহড়া সারলেন তিনি। বেশ ছন্দেই লাগল তাঁকে। সন্ধ্যায় সিএবি’র একটি অনুষ্ঠানে গিয়ে রাহানে বললেন, ‘সমর্থক ও দলের মালিক শাহরুখ খানের জন্য আমাদের ভালো খেলতে হবে। ট্রফি জিততে হবে। গত কয়েকবছর ধরে নিজের ব্যাটিংয়ে উন্নতি করার কথা ভেবেছি। বেশ কিছু শটে উন্নতিও করেছি।’ অজিঙ্ককে সমর্থন করে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বলেন, ‘আইপিএলে শেষ চার বছরে রোহিত শর্মার চেয়ে রাহানের রেকর্ড ভালো।’ রিঙ্কু সিং’কে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর জন্য নাইট অধিনায়ককে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি। একই অনুষ্ঠানে রিঙ্কুর সংযোজন, ‘তিন বছর আগে পাঁচটা ছয়ই আমার জীবন বদলে দিয়েছে।’
রাহানের পাশেই ঝড় তুললেন ফিন অ্যালেন। তিন ম্যাচ পরও, তাঁর ব্যাটে বড় রান নেই। তবুও অ্যালেনের উপর ভরসা অটুট ম্যানেজমেন্টের। মাঝের নেটে টানা বোলিং ক্যামেরুণ গ্রিনের। প্রায় ২৬ মিনিট। পুরোদমে। এক-একটা বল করছেন, রান আপে ফিরে বোলিং কোচ টিম সাউদির সঙ্গে আলোচনা সারলেন গ্রিন। আলোচনার পরের বলগুলিই করছিলেন, অংক্রিশ রঘুবংশীর শরীর লক্ষ্য করে। ১০-১২ দিন কেটে গিয়েছে। লক্ষ্ণৌ ম্যাচেই কী গ্রিনকে বোলিং করতে দেখা যাবে? যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা, গ্রিনকে বসিয়ে টিম সেইফার্ট বা রাচিন রবীন্দ্রকে খেলানোর কথা বলছেন, যেহেতু গ্রিনের বোলিং নিয়ে নিশ্চয়তা নেই।
সবার শেষে মাঠে ঢুকলেন সুনীল নারিন- বরুণ চক্রবর্তী। মাঠে প্রবেশ করেই নারিন চলে গেলেন মাঝের নেটে। দেরি না করেই, অংক্রিশকে বোলিং করা শুরু করে দিলেন। অসুস্থতার জন্য পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি নারিন। কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে সুস্থ হয়ে উঠলেন তিনি? খোঁজ নিয়ে জানা গেল, নারিনের পেটে সমস্যা হয়েছে। এদিন পরীক্ষা হয় তাঁর একটা। দ্রুত সুস্থ হয়ে উঠবে।
বৃষ্টির জন্য নেটে বোলিং করার সুযোগ পাননি বরুণ। ওয়ার্ম আপের সময় দেখা যায়, বাঁ-হাতের একটি আঙুলে নিকোপ্লাস্ট বাঁধা। চোটের জন্য তাঁকে নাকি খেলায়নি কেকেআর! এরপর অবশ্য দু’জন সাপোর্ট স্টাফকে সঙ্গে নিয়ে ছুটলেন ইন্ডোরে। সেখানে প্রায় পনেরো-কুড়ি মিনিটে প্র্যাকটিসে করলেন বরুণ। ছন্দ কী খুঁজে পেলেন?
KKR IPL
বৃষ্টিতে ফের পণ্ড নাইটদের অনুশীলন
×
Comments :0