Trinamool MLA from Canning West arrested

গ্রেপ্তার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

রাজ্য

ধর্ষণ, তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসায় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কলকাতা বিমান বন্দর থেকে তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, পরেশ রাম দাসের বিরুদ্ধে ক্যানিং থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্ত এড়াতে কলকাতা থেকে মুম্বাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশনস গ্রুপ বিধাননগর পুলিশের সহযোগিতায় কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাঁকে আটক করা হয়েছে। অভিযুক্ত পরেশ রাম দাসকে পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বারুইপুর পুলিশ জেলায় নিয়ে আসা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আদালতে পেশ করা হবে। বিধায়কের বিরুদ্ধে ক্যানিং থানায় মামলা নম্বর ৫৬১/২০২৬। তারিখ ৫।৯।২৬, ভারতীয় দন্ডবিধির ৩৭৬/৩২৩/৪২০/১২০বি/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর খোঁজে বাড়িতে তল্লাশিও চালানো হয়। তদন্ত এড়াতে গা ঢাকা দেওয়ার পর মুম্বাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বিমান বন্দর থেকে পুলিশ তাঁকে আটক করে।

 

Comments :0

Login to leave a comment