পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি'র জয়ের পর থেকে বিজয় উল্লাসের নামে খেটেখাওয়া শ্রমজীবী মানুষের পেশার উপর যে বর্বর আক্রমণ চালানো হয়েছে তার প্রতিবাদে এবং অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার দাবিতে ৮ মে মিছিলের ডাক দিয়েছে বামপন্থী দল সমূহ।
শুক্রবার ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।
পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সাধারণ মানুষের জীবিকার উপর আক্রমণ চালানোর প্রতিবাদে বুধবার সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম একটি বিবৃতিও দিয়েছেন।
সেলিম তার বিবৃতিতে বলেন, "সরকার এখনও গঠন না হলেও ফলাফল প্রকাশের অব্যবহিত পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর হামলা আক্রমণ শুরু করেছে। বিজেপি নেতারা এ ধরনের ঘটনা সম্পর্কে কিছু মৌখিক বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রাতের অন্ধকারে লেনিন মূর্তি সহ একাধিক স্থানে সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত কমিউনিস্ট নেতৃবৃন্দের মূর্তি, প্রতিকৃতির উপর হামলা, পার্টি সংগঠকদের উপর আক্রমণ ও পার্টি দপ্তরের দখল নিতে দেখা গেছে। ২০১১ সালে ফল প্রকাশের পর তৃণমূলী সংস্কৃতির পথ অনুসরণ করেই একাজ করেছে বিজেপি। একাজে রাতারাতি রাজনৈতিক রং বদলানো কিছু তৃণমূলী দুষ্কৃতীদের অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে।"
ফল গণনার দিনই লেনিন মূর্তিতে গেরুয়া আবির মাখানো শুরু হয়। স্লোগান ওঠে লাল হটাও। প্রতিরোধ করেন সিপিআই(এম) নেতা-কর্মীরা। গত মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে মূর্তি ভাঙে দুষ্কৃতী বাহিনী। বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। একটিতে দুষ্কৃতীদের একাংশকে বলতে শোনা যায় ‘এখানে শিবাজীর মূর্তি বসবে।‘ বিভিন্ন জায়গায় সিপিআই(এম) কর্মীদের ওপর হামলা হয়েছে। সিপিআই(এম) দপ্তরে ভাঙচুর হয়েছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া একাংশ আক্রমণ করে সোনারপুরে সিপিআই(এম) কর্মীর ওপরও। বিজেপি সভাপতি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও প্রশাসন তা কতটা করেছে তা নিয়ে সন্দেহ রয়েছে।
হামলা হয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা নিউ মার্কেটে। সংখ্যালঘু হকার ব্যবসায়ীদের দোকানপত্র ভাঙা হয়েছে সংগঠিত ভাবে, বুলডোজার নিয়ে।
সেলিম বিবৃতিতে বলেন, "সর্বত্র সাধারণ মানুষ সহ পার্টিকর্মীরা প্রতিবাদে নেমেছেন, প্রতিহত করেছেন। সারা দেশের অভিজ্ঞতায় আমরা জানি বিজেপি একটি স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী দল। ফ্যাসিস্ট আরএসএস এদের নেতৃত্ব দেয়। উগ্র হিন্দুত্ববাদী বুলডোজার রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ এ রাজ্যেও শুরু হয়েছে। ঘৃণার মতাদর্শের দ্বারা চালিত হয়ে ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসস্থান, উপাসনালয়, খাদ্যাভ্যাসের উপর আক্রমণের ঘটনা ঘটেছে।"
এই ঘটনার প্রতিবাদে, আক্রান্ত মানুষের পাশে থাকার পাশাপাশি যে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ প্রতিহত করতে ও রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
selim on post poll violence
হামলা প্রতিহত করার আহ্বান সেলিমের, বামপন্থীদের মিছিল ৮ মে
×
Comments :0