KMC

বোর্ড ভেঙে কলকাতা কর্পোরেশনে প্রশাসক নিয়োগ রাজ্যের

কলকাতা

কলকাতা কর্পোরেশনের প্রশাসক হিসেবে কর্পোরেশনের পৌর কমিশনার স্মিতা পাণ্ডেকেই নিয়োগ করল রাজ্য সরকার। সেই সঙ্গে ভেঙে দেওয়া হল কলকাতা কর্পোরেশনের পৌর বোর্ড। সোমবার এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তর।
সোমবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১৯৮০ সালের কলকাতা কর্পোরেশন আইনের ১১৭(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলর এবং কর্পোরেশনের চেয়ারম্যানকে দপ্তর ছাড়তে হবে।
গত শুক্রবার পদত্যাগ করেছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম। তাঁর পদত্যাগের পরই রাজ্য সরকারের তরফে কলকাতার পৌর বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন তাদের বোর্ড ভেঙে দেওয়া হবে না। তিনদিনের জন্য তাদের সময় দেওয়া হয়েছিল। সোমবার সেই সময়কাল ফুরিয়েছে। সোমবার পর্যন্ত নতুন মেয়র কে হবেন তার নাম জানাতে পারেনি কলকাতা কর্পোরেশনের তৃণমূল বোর্ড। 
উল্লেখ্য রবিবার কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির। কিন্তু শেষ মুহূর্তে এই বৈঠক বাতিল করা হয়। জানা গিয়েছে ওই বৈঠক ডাকা হয়েছিল পরবর্তী মেয়র কে হবেন তা ঠিক করতে। কিন্তু বৈঠকে কতজন কাউন্সিলর উপস্থিত হবেন সেই নিয়ে সংশয় ছিল প্রথম থেকেই। তাই কোনও নাম পাঠাতে পারেনি কলকাতা কর্পোরেশনের তৃণমূলের পৌর বোর্ড। 
কলকাতা কর্পোরেশন এবং রাজ্যের প্রায় সব পৌরবোর্ডে বিধানসভার ফল বেরনোর পরই পদ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। কলকাতা কর্পোরেশনেও তৃণমূলের একগুচ্ছ কাউন্সিলর পদ ছেড়েছে, একাংশ গ্রেপ্তার হয়েছেন।

Comments :0

Login to leave a comment