চোপড়ার বিস্তীর্ণ চা বাগান এলাকায় যেন এক অন্য ছবির সাক্ষী থাকল মানুষ। দাসপাড়া বাজার, বালাবাড়ি, দাসপাড়া, মারুগঞ্জ, ভরপুরা, টেপাগা থেকে আমেরিকা নগর—পুরো অঞ্চল জুড়ে লাল পতাকার ঢেউ তুলে মহামিছিলে সামিল হলেন হাজার হাজার চা বাগান শ্রমিক। সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমানের সমর্থনে এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং ছিল বঞ্চিত মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।
মিছিলে প্রার্থী মোকলেশ্বর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক আনোয়ারুল হক, কার্তিক শীল, দবিরুল ইসলাম, বিদ্যুৎ তরফদার সহ একাধিক বাম নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে শ্রমিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বছরের পর বছর ধরে ন্যায্য মজুরি, বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত চা বাগান শ্রমিকরা এদিন স্পষ্ট বার্তা দিলেন-আর প্রতারণা নয়, এবার পরিবর্তন চাই।
মিছিল জুড়ে উঠেছে শাসক দলের বিরুদ্ধে তীব্র স্লোগান। অভিযোগ, ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চা বাগান এলাকায় কোনো উন্নয়নই হয়নি। শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনও অনিশ্চিত, বহু বাগানে বন্ধ বা অর্ধচলমান অবস্থা, আর সেই সুযোগে শাসকদলের নেতারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। মানুষের দুঃখ-কষ্ট নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই এমনই অভিযোগ উঠেছে মিছিল থেকে।
প্রার্থী মোকলেশ্বর রহমান তাঁর বক্তব্যে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ‘‘চা বাগান শ্রমিকদের জীবন নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে। যারা এতদিন ক্ষমতায় থেকেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের আর একদিনও বিশ্বাস করার মতো পরিস্থিতি নেই।’’ তিনি আশ্বাস দেন, বামফ্রন্ট ক্ষমতায় এলে চা বাগান এলাকায় স্থায়ী সমাধান, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।’’
এই মহামিছিল প্রমাণ করে দিয়েছে, চোপড়ার মাটিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে যুব সমাজ সবাই একসঙ্গে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর। ভোট যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে- এই লড়াই শুধু ক্ষমতার নয়, বাঁচার লড়াই, অধিকার ফিরিয়ে আনার লড়াই।
West Bengal Elections Chopra
চোপড়ায় লাল পতাকার ঢেউ তুলে মহামিছিলে চা শ্রমিকরা
×
Comments :0