CITU Maldah

শ্রমজীবীর সব অংশকে একজোট করার ডাক সিআইটিইউ’র সেমিনারে

রাজ্য জেলা

মালদহে সিআইটিইউ’র সেমিনারে বক্তব্য রাখছেন আভাস রায়চৌধুরী।

কর্পোরেটের স্বার্থবাহী সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়াই। এই চরিত্রের সরকার রাজ্যে আসীন হয়ে দু’মাসেরও কম সময়ের মধ্যে নির্বিচারে হকার উচ্ছেদে নেমেছে। শ্রমজীবী সব অংশকে আক্রমণের মুখে ফেলে এই ধরনের সরকার। শ্রমজীবীর সব অংশকে জোট বেঁধে এই আক্রমণের মোকাবিলা করতে হবে।
শনিবার মালদহে সিআইটিইউ আয়োজিত সেমিনারে এই মর্মে আহ্বান জানান সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আভাস রায় চৌধুরী।
সিআইটিইউ-র পশ্চিমবঙ্গ রাজ্য ৬৭তম কাউন্সিল সভা আগামী ১৩-১৪ জুলাই মালদহ শহরে অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিল সভাকে কেন্দ্র করে শনিবার মালদহ কলেজ অডিটরিয়ামের  সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচ্য বিষয় ছিল ‘দুনিয়া, দেশ ও রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের লড়াই’। আলোচ্য বিষয়ের উপর মুখ্য আলোচক ছিলেন আভাস রায় চৌধুরী।
আভাস রায়চৌধুরী বলেন, দেশে ও রাজ্যে এখন কর্পোরেট স্বার্থবাহী সাম্প্রদায়িক সরকার কাজ করছে তাদের জনবিরোধী নীতি রূপায়ন করতে। ফলে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার দু’মাসও পার হয়নি। কিন্তু এই সময়ের মধ্যেই গরিব মানুষ, অর্থাৎ হকারদের উপর, আক্রমণ নামিয়ে আনা হয়েছে। ফলে গরিব মানুষেরা সর্বস্বান্ত হচ্ছে। তিনি বলেন, হকারদের যেসব জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে তা রেল বা রাজ্য সরকারের জমি কিনা তার কোনও নথি দেখাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। 
তিনি বলেন, শুধু এই বিষয় নয় গোটা দেশেই শাসক দল যে নীতিতে সরকার পরিচালনা করছেন তা কর্পোরেট সংস্থার স্বার্থ। ওদের আর্থিক সহায়তায় শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক নীতির দ্বারা পরিচালিত হয়ে দেশ ও রাজ্য পরিচালনা করছে আরএসএস। ফলে গোটা দেশে যে পরিবেশ তৈরি হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ৈ নামতে হবে শ্রমজীবী মানুষকে। 
তিনি বলেন, শ্রমজীবী মানে শুধু শ্রমিক নয়, কৃষক, খেতমজুর, শিক্ষক, যুবকদের ঐক্যবদ্ধ করে লড়াইয়ে নামতে হবে। 
এদিন সভার শুরুতে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত এবং এই সময়কালে গণ-আন্দোলনে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি একরাম হোসেন। এরপর নীরবতা পালনের পর আলোচনা সভা শুরু হয়। 
এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন সিআইটিইউর জেলা সভাপতি প্রণব দাস ও সম্পাদক দেবজ্যোতি সিনহা। এদিনের আলোচনা সভায় অভ্যর্থনা কমিটির সভাপতি কৌশিক মিশ্র, গণ-আন্দোলনের নেতা জমির ফিরদৌস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment