বুধবার বিষ্ণুপুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে বিষ্ণুপুর মহকুমা এলাকার সোনামুখী, কোতুলপুর, ইন্দাস ও বিষ্ণুপুর বিধানসভা এলাকার বামফ্রন্টের চার প্রার্থী মনোনয়রপত্র দাখিল করলেন। মনোনয়ন দিতে যাওয়া পার্থীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা তো ছিলই, সঙ্গে ছিল তৃণমূল- বিজেপি-কে পরাস্ত করার মুহূর্মুহূ আহ্বান। বুধবার বিভিন্ন কেন্দ্রে সিপিআই(এম) সহ বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শুরুর চিত্রটা ছিল এরকমই।
এদিন মনোনয়ন জমা দিয়েছেন সোনামুখী কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অজিত রায়, কোতুলপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম)’ র রামচন্দ্র রায়, ইন্দাস বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম)’র ঝর্না মল্লিক ও বিষ্ণুপুর কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম,এল) প্রার্থী তিতাস গুপ্ত। এদিন বিষ্ণুপুরের সিপিআই(এম) পার্টি অফিস থেকে মিছিল করে বামফ্রন্টের কর্মী সমর্থকরা প্রার্থীদের নিয়ে গিয়ে মনোনয়নপত্র পেশ করেন। রাস্তায় পথচলতি মানুষজনের সঙ্গেও কথা বলেন প্রার্থীরা।
বিষ্ণুপুরে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন।
এদিন পশ্চিম বর্ধমান জেলার বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে রানিগঞ্জ, পান্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। বেলা ১০টা নাগাদ লাল পতাকা হাতে অসংখ্য মানুষ সমবেত হয়েছিলেন দুর্গাপুর সিটি সেন্টার শহীদ বিমল দাশগুপ্ত ভবন সংলগ্ন প্রান্তরে।
এদিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী সীমান্ত চ্যাটার্জি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী প্রভাস সাঁই, পান্ডবেশ্বর কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী প্রবীর মন্ডল এবং রানিগঞ্জ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী নারাণ বাউরি মনোনয়ন দাখিল করেন।
আসানসোল মহকুমা শাসকের দপ্তরে আসানসোল উত্তর কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী অখিলেশ সিং মনোনয়ন দাখিল করেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী শিল্পী চক্রবর্তী, জামুড়িয়া কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী মহম্মদ সাব্বির হোসেন, কুলটি কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভবানী আচার্য এবং বারাবনী কেন্দ্রে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ বাউরি মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমাকে ঘিরে জনজোয়ার দেখা যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভার বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মোফাজ্জল হোসেন, তপন কেন্দ্রের আরএসপি প্রার্থী বাপ্পাই হরো এবং গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী বিপ্লব বর্মন প্রয়োজনীয় তথ্য সহ মনোনয়নপত্র জমা দেন বালুরঘাটে প্রশাসনিক ভবনে।
Comments :0