Body Recovered

ডুয়ার্সের চা বাগানে মহিলার পচা-গলা দেহ উদ্ধার, ঘনীভূত রহস্য

জেলা

ডুয়ার্সের চা বাগান থেকে এক মহিলার পচা-গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ৭ নম্বর সেকশন থেকে ওই মহিলার দেহটি উদ্ধার হয়। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন নাগেশ্বরী চা বাগানের ৭ নম্বর সেকশনে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই তাঁরা ঝোপের মধ্যে ওই মহিলার পচা-গলা দেহটি পড়ে থাকতে দেখেন। ঘটনার আকস্মিকতায় তীব্র আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় মেটেলি থানায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর এভাবে তাঁর পচা-গলা দেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার আত্মীয় জানান, ‘‘মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে বিভিন্ন চা বাগানে ঠিকা শ্রমিকের কাজ করতেন। তাঁর স্বামী চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত ১ জুন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। চারিদিকে খোঁজাখুঁজি করেও হদিশ মেলেনি। এদিন তাঁর দেহ উদ্ধার হলো।’’
মানসিক ভারসাম্যের অভাব নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিখোঁজ গৃহবধূ কীভাবে আইবিল চা বাগান থেকে নাগেশ্বরী চা বাগানে পৌঁছলেন এবং নির্জন সেকশনে কীভাবে তাঁর মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে মেটেলি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার সবকটি দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment