দীর্ঘ টালবাহানার পর শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন অপরূপা পোদ্দার, গার্ড দিয়ে থানার ভিতরে নিয়ে যায় মহিলা সিআরপিএফ কর্মীরা।
শুক্রবার বেলা ১১:৫০ নাগাদ এক আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় আসেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার হাজিরা দিতে ডাকা হয়েছিল অপরূপাকে। কিন্তু স্বামী, রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে এনআইএ গ্রেপ্তার করে, কোর্টে তোলার কারণে তিনি আসতে পারেননি বলে ইমেইল ও আইনজীবীর চিঠিতে জানান।
এরপর চন্দননগর পুলিশ অপরূপার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে। শুক্রবার ফের সকালে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শ্রীরামপুর থানার সামনে আগে থেকেই মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ।
বৃহস্পতিবার চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছিলেন, প্রাক্তন সাংসদকে আবার নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার তাকে থানায় আসতে বলা হয়েছে। এই মামলায় আরও কিছু জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে।
এরপরই শুক্রবার থানায় আসেন অপরূপা। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেহেতু তিনি নিজে একজন আইনজীবী, পরবর্তী কালে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার এনআইএ যখন অপরূপার স্বামী শাকির আলীকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান অপরূপা।
এরপরই শ্রীরামপুর থানায় তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। বুধবার হাজিরা এড়িয়ে ইমেইল ও আইনজীবীর চিঠি পাঠানোর পর শুক্রবার থানায় এলেন তিনি।
Aparupa Poddar
শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার
×
Comments :0