খাদ্যের সন্ধানে স্কুলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাল একটি দলছুট হাতি। হামলায় ক্ষতিগ্রস্ত হলো স্কুলের দুটি কক্ষ। বাধ্য হয়ে একটি ছোট ঘরেই বর্তমানে দুটি শ্রেণির পঠন-পাঠন চালাতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া হিন্দি জুনিয়র হাই স্কুলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বানারহাট ব্লকের বরালাইন এলাকা দিয়ে একটি দলছুট হাতি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাফেরার পর হাতিটি সোজা চলে আসে দেবপাড়া হিন্দি জুনিয়র হাই স্কুলের চত্বরে। স্কুলের মিড-ডে মিলের চাল ও অন্যান্য খাদ্যসামগ্রীর গন্ধ পেয়েই হাতিটি স্কুল ভবনের ওপর চড়াও হয়।
হাতির তাণ্ডবে স্কুলের একটি শ্রেণিকক্ষ ও অফিসঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে দেওয়াল, দুমড়ে-মুচড়ে গেছে দরজা ও জানালা। নষ্ট হয়েছে স্কুলের মূল্যবান নথিপত্র ও আসবাবপত্র। মঙ্গলবার সকালে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা স্কুলে এসে এই ধ্বংসলীলা দেখে হতবাক হয়ে পড়েন।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর থেকে পরিস্থিতি অত্যন্ত জটিল। ক্ষতিগ্রস্ত কক্ষগুলি এখন ব্যবহার অনুপযোগী। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি এড়াতে বর্তমানে একটিমাত্র ছোট ঘরেই দুটি শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। এমনকি স্টোররুমকেও শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহারের বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্কুলের পঠন-পাঠন স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত স্কুল ভবন মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। বনদপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বানারহাট সংলগ্ন এলাকাগুলো জঙ্গলঘেরা হওয়ায় প্রায়শই খাবারের সন্ধানে বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই হাতি তাড়াতে ও স্কুল সংলগ্ন এলাকা সুরক্ষিত রাখতে বনদপ্তরের কাছে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই ঘটনার পর নতুন করে নিরাপত্তার দাবি জোরালো হয়েছে।
Elephant
স্কুলে তাণ্ডব দলছুট হাতির, ভাঙল ক্লাসরুম ও অফিসঘর
×
Comments :0