KKR vs LSG

অনামী মুকুল মুখের গ্রাস কাড়ল নাইটদের

খেলা

আয়ুষ বাদোনি ফিরতেই গর্জে উঠেছিল নাইট সমর্থকরা। শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে উদ্‌যাপনে মেতে উঠেন অজিঙ্ক রাহানেও। যদিও সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না! নাইটদের মুখের গ্রাস কাড়লেন অনামী মুকুল চৌধুরি। অসম্ভবকে সম্ভব করে, রুদ্ধশ্বাস জয়ের স্বাদ দিলেন দলকে। 
প্রশ্নপত্রে ধাঁধার মতো আগমন হলো তাঁর। বাদোনি ফেরার পরও লক্ষ্ণৌর জিততে বাকি ছিল শেষ পাঁচ ওভারে ৫৫। মুকুল ২৭ বলে, সাত ছক্কার সাহায্যে ৫৪ রান করে অজিঙ্ক রাহানের জয়ের স্বপ্ন মাটিতে মিশিয়ে দিলেন। তাঁর মধ্যে শেষ দু’ওভারে মারলেন চারটি বড় বড় ছক্কা। বৈভব আরোরাদের অবলীলায় ছক্কা হাঁকিয়ে সাধারণ পর্যায়ে নামিয়ে আনলেন! মুকুল প্রহারে জয় ধরা অধরাই রইল কলকাতা নাইট রাইডার্সের। জয় নিশ্চিত হতেই, ইডেনে রাজার মতো দৌড়ে বেড়ালেন মুকুল।  
ঘরোয়া ক্রিকেটে যিনি ‘সিক্স হিটার’ নামে পরিচিত। যার পেশির জোর মারাত্মক। অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন। এবারের সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে রাজস্থানের হয়ে ১৩ ছক্কা হাঁকিয়ে প্রতিভার পরিচয় দিয়েছিলেন। নিলামে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ২.৬০ কোটি টাকায় তাঁকে দলে নেয় এলএসজি। আইপিএলে তিন নম্বরে ম্যাচে, চাপের মুখে বিধ্বংসী ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, তাঁর উপর ভরসা করে দল কোনও ভুল করেননি। যেদিন দলের তাবড় তাবড় তারকা ব্যর্থ, সেদিনই জ্বলে উঠলেন রাজস্থানের ছেলেটি।  অথচ, ১৫তম ওভারের চতুর্থ বলে আয়ুষ (৫৪) ফিরতেই জয়ের সৌরভ ছড়িয়ে পড়েছিল ইডেনের গ্যালারিতে।  আইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আব্দুল সামাদদের ব্যর্থতার দিনেও জিততে পারলো না কলকাতা।  
বৈভবের শিকার মার্করাম (১৫) ও মার্শ (২২)। দু’বলের ব্যবধানে দু’জনকে ফিরিয়ে দলের আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন আম্বালা এক্সপ্রেস। সুস্থ হয়ে দলে প্রত্যাবর্তন করে সুনীল নারিন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি! রহস্যের মায়াজালে আটকে রাখলেন পুরানকে। চার ওভারে দিলেন ১৩। ইকোনমি ৩.২০। গ্রিণ প্রথম ওভারে বোলিং করতে এসে,  শরীর লক্ষ্য করা বাউন্সারে ফিরিয়ে দিলেন ঋষভকে (১০)। কিন্তু গ্রিণ ১৯ ওভারে কুড়ি রান দিয়ে দলকে ডুবিয়ে দিলেন। গ্রিনের বোলিং উপকৃত হলো না দল। শেষ ওভারে ১৪ রান আটকাতে ব্যর্থ বৈভবও। অনুকূল রায়, সুনীল নারিনের কৃপণ স্পেল দাম পেল না। তিন উইকেটে জয় লক্ষ্ণৌর।  
টসে হেরে প্রথম ব্যাট করে কেকেআর তোলে ১৮১/৪। বিতর্কিত ক্যাচ আউট হন ফিন অ্যালেন। দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের বলে, থার্ড ম্যান অঞ্চলে অ্যালেনকে তালুবন্দী করেন দ্বিগবেশ রাঠি। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর টুইট, ‘ওটা ছয় মনে হচ্ছিল, তাই না? স্পষ্টই দেখা যাচ্ছিল পা বিজ্ঞাপনের বোর্ডে লেগেছিল, আর বোর্ডটাও নড়ে উঠেছিল।’ ধারাভাষ্যকাররা তাই বলছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লে না দেখিয়ে আউট দিয়ে দিলেন অ্যালেনকে। হতাশায় মাথা নাড়াতে নাড়াতে মাঠ ছাড়লেন কিউয়ি ব্যাটার। বিগ ব্যাশ, টি-২০ বিশ্বকাপে ভালো খেললেও, ফিনের ব্যাটে রান নেই আইপিএলে। চার ম্যাচে তাঁর সংগ্রহ ৮০। এরপরও সুযোগ পাবেন তিনি?
অ্যালেন ফেরার পর হাল ধিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অংক্রিশ রঘুবংশী। তাঁদের জুটিতে উঠল ৫২ বলে ৮৪। ঝুঁকি কম নিলেও, স্কোরবোর্ড সচল রাখছিলেন। রাহানেকে ফিরিয়ে জুটি ভাঙলেন রাঠি। শর্ট মিড উইকেটে দুরন্ত ক্যাচ মহম্মদ শামির। রাহানের ব্যাটিং নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে! কেকেআর ইনিংস শেষে দেখা গেল, তাঁর স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি (১৭০ প্লাস)। এমনকি রোভম্যান পাওয়েলের থেকেও। রাহানে ফিরতেই ব্যাটিং বিপর্যয়। শুধু তাই নয়! ১১ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর তুলেছে মাত্র ১৭ রান। ওই সময় কেকেআরের বিরক্তিকর ব্যাটিংয়ে অস্বস্তি ইডেনের গ্যালারিতে। ওই সময় বরং, মহম্মদ শামির এক ওভার দর্শকদের বিনোদন দিলেন। তার আগে, পাওয়ার প্লে’তে দু’ওভার দেন ১১। ডেথে এসে ১২। সবমিলিয়ে সামি দিলেন ২৭। চার ওভার স্পেলে। ঘরের মাঠে  উইকেট না পেলেও, কৃপণ স্পেলে অনুরাগীদের মন জয় করলেন তিনি। 
ক্রিজে থিতু হয়েও উইকেট ছুঁড়ে দিলেন রঘুবংশী (৪৫)। আট বলের ব্যবধানে ফিরলেন রিঙ্কু সিং (৪)। আবেশ খানের সোজা বলে লাইন মিস করে বোল্ড নাইটদের সহ অধিনায়ক। দায়িত্বভারে রান করতে ভুলে গিয়েছেন তিনি?  ১৪ ওভার শেষে ১১২/৪ থেকে একশো আশির গন্ডি টপকানো সম্ভব হলো ক্যামেরুন গ্রিন ও রোভম্যান পাওয়েলের জন্য। দু’জনে শুরুতে সময় নিলেন। উইকেটের চরিত্র বুঝে, সময় নিয়ে হাত খুললেন। তাঁদের দাপটে উঠল শেষ ছয় ৬৯। পাওয়েল অপরাজিত রইলেন ৩৯ রানে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারকে যোগ্য সঙ্গত গ্রিণের (৩২)। এই ম্যাচে তিনি রান না পেলে, পরের ম্যাচে স্থান হত ডাগআউটে। অগ্নিপরীক্ষার ম্যাচে পাশ করলেন অজি অলআউন্ডার। দিনের শেষে, একজনই নায়ক। তিনি মুকুল।  
সংক্ষিপ্ত স্কোর—  কলকাতা ১৮১/৪ (অংক্রিশ ৪৫, রাঠি ১/২৫)
লক্ষ্ণৌ ১৮২/৭ ( মুকুল ৫৪,অনুকুল ২/৩২)

Comments :0

Login to leave a comment