শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে রবিবার। শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের কারণে বন্ধ থাকবে ট্রেন চলাচল। এর পাশাপাশি টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবাও বন্ধ থাকছে আগামীকাল। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর, দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই থেকে নিউ গড়িয়া (কবি সুভাষ) মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ। এই স্টেশনের থামগুলিতে ফাটল ধরা পড়ে। একাধিক পিলার বসে যাচ্ছে, এমনকি প্ল্যাটফর্মও ধীরে ধীরে বসে যাওয়ার লক্ষণ দেখা দেয়। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় আপাতত পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপ ও ডাউন মেট্রো এখন ব্রিজি স্টেশন পর্যন্তই চলাচল করছে।
আগামিকাল একদিনের জন্য টালিগঞ্জ থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হলে, তারপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙা হবে। কাজ শুরু হওয়ার পর মেট্রো স্টেশন চালু হতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে খবর কর্তৃপক্ষ সূত্রে।
অন্যদিকে দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট খুলেছেন। শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো রুট জোড়ার কাজ।
মেট্রো রেলের এই কাজের জন্য দু’টি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা যান চলাচল আংশিক বন্ধ রাখা হবে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, টানা ৬০ ঘণ্টা করে দু’দফায় এই কাজ চলবে এবং এই সময়ে বাইপাসের নির্দিষ্ট কিছু অংশ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
১৫ মে, শুক্রবার রাত ৮টা থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওইদিন উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ রাখা হবে এবং ১৮ মে, সোমবার সকাল ৮টায় পুনরায় রাস্তাটি খুলে দেওয়া হবে।
দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে তার ঠিক পরের সপ্তাহে, অর্থাৎ ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। সেই সময় দক্ষিণমুখী যান চলাচলের ওপর বিধিনিষেধ কার্যকর থাকবে।
kolkata metro
রবিবার টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকছে মেট্রো
×
Comments :0