Dhupguri

ধূপগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

জেলা

মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে রবিবার গভীর রাতে ধূপগুড়ি স্টেশন মোড় এলাকা থেকে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক যুবতী-সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ও ফালাকাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর,  রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে ধূপগুড়ি থানায় খবর আসে যে একটি পাচারকারী চক্র স্টেশন মোড় এলাকায় ব্রাউন সুগার নিয়ে জড়ো হয়েছে। খবর পেয়ে সাদা পোশাকে পুলিশের একটি দল এলাকায় নজরদারি শুরু করে। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর এক যুবক ও এক যুবতীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিছুক্ষণের মধ্যেই ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক  গেইলসন লেপচা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আইন মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন বিডিও শ্যারং তামাং। তাঁর উপস্থিতিতেই ধৃতদের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার।
উদ্ধার হওয়া মাদকের পরিমাণ নিশ্চিত করার পরই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই যুবক ও যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত,  মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল,  তা খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা জানান, ‘‘গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। বিডিও’র উপস্থিতিতে তল্লাশি করে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আইন অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’
উল্লেখ্য, গত এক মাসে ধূপগুড়ি শহর এলাকায় পৃথক দুটি ঘটনায় মোট সাত জন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়েছে। শহরের বুকে বারবার মাদক কারবারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে। মাদকচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment