Delhi Police Vivek Bhagat Promotion

মহিলা সাংবাদিককে যৌন হেনস্তায় অভিযুক্তদিল্লির সেই পুলিশ আধিকারিকের পদোন্নতি

জাতীয়

দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিক্ষোভ।

মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তায় অভিযুক্ত আধিকারিকের পদোন্নতির নির্দেশ দিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই বাহিনীর সিদ্ধান্তে, সোমবার, তীব্র হয়েছে ক্ষোভ। 
গত শনিবার থেকে দিল্লিতে চলছে বিক্ষোভ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার, ৫ অক্টোবরও, দিল্লিতে হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের একাংশকে আটক করে পুলিশ। রাতে ফের বিক্ষোভ দেখায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
রাতেই জানা গিয়েছে অভিযুক্ত এসিপি বিবেক ভগতকে অতিরিক্ত ডিসিপি পদে প্রোমোশন দেওবা হয়েছে। 
দিল্লি পুলিশের ব্যাখ্যা, এক সঙ্গে ১১ আধিকারিকের পদোন্নতি হয়েছে। বেশ কিছু আগে এই সুপারিশ করা হয়েছিল। এই তালিকায় ভগতের নামও রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে গত ৩ অক্টোবর বিক্ষোভের মধ্যে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ সম্পর্কে দেখা হচ্ছে। 
ভগতের পদোন্নতির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোশাল মিডিয়ায় পোস্টে বলা হয়েছে দিল্লি পুলিশের নিচে নামার কোনও শেষ নেই। যৌন হেনস্তায় অভিযুক্ত এক আধিকারিকের পদোন্নতি হয়েছে। 
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বারবার বিক্ষোভ সত্ত্বেও অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। পুলিশের দায়িত্ব মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। তার বদলে মহিলাদের হেনস্তা করছে দিল্লি পুলিশ। এসএফআই নেত্রী ঐশী ঘোষ প্রতিবাদে লিখেছেন, ‘ধর্ষকদের মালা পরানো হয়। নাগরিকদের জেলে পাঠানো হয়। এর নাম ‘নতুন ভারত’। 
এদিন এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী আশা শর্মা, রেণু শর্মা, মাইমুন মোল্লা সহ নেতৃবৃন্দ শামিল ছিলেন।

Comments :0

Login to leave a comment