Left Rally at Medinipur

বামপন্থীদের ওপর হামলার প্রতিবাদে মেদিনীপুরে এসপি দপ্তর অভিযানে জনস্রোত

রাজ্য জেলা

মেদিনীপুরে বামপন্থী দলসমূহের ডাকে এসপি দপ্তর অভিযানে মীনাক্ষী মুখার্জি, বিজয় পাল, সৈকত গিরি সহ নেতৃবৃন্দ। ছবি: চিন্ময় কর

বামপন্থী দলগুলির একের পর এক দপ্তরে আক্রমণ করছে বিজেপি’র দুষ্কৃতী বাহিনী। হামলা হয়েছে কলেজেও। গ্রেপ্তার করা হচ্ছে আক্রান্তদেরই। প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুরে এসপি দপ্তর অভিযানে ঢল নামল জনতার।
বামপন্থী দলগুলির ডাকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দপ্তরে অভিযান হয়েছে। প্রতিবাদ জানানো হয়েছে নেতাজী মূর্তি ভাঙচুরেরও। এসপি দপ্তরের সামনে সভায় সভাপতিত্ব করছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক এবং সিপিআই(এম) জেলা সম্পাদক বিজয় পাল। রয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সিপিআই নেতা সৈকত গিরি প্রমুখ। 
সারা দেশের সঙ্গে মেদিনীপুরেও জনতা সরব হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে। দাবি উঠেছে, স্থগিত করতে হবে এসআইআর। সব প্রকৃত ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে তালিকায়। 
গড়বেতায় বিজেপি’র হামলায় ঘর ছাড়া সিপিআই(এম) সমর্থকরা। দুষ্কৃতীদের না ধরে সিপিআই(এম) কর্মী ও নেতাদের হেনস্তা করছে পুলিশ। এদিন বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ সভায় বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে পুলিশকে। দুষ্কৃতীদের আড়াল করা হচ্ছে। উলটে বামপন্থী নেতা ও কর্মীদের নামে দায়ের হচ্ছে মিথ্যা মামলা। 
মঙ্গলবার, ৬ অক্টোবর, মেদিনীপুর কলেজের সামনে থেকে হয় মিছিল। সময় যত এগিয়েছে ততই বেড়েছে জমায়েত। এসপি দপ্তরের সামনে সভা শুরু হয়ে যাওয়ার পরও মিছিল এসেই চলেছে। বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ বলেছেন, হামলা করে হুজ্জুতি করে বামপন্থীদের দমিয়ে দেওয়া যাবে না। রাজ্যজুড়ে মেহনতি জনতার দাবির পক্ষে, অধিকারের পক্ষে বামপন্থীরা সরব থাকবেই।
এদিন মিছিলে বিজয় পাল, মীনাক্ষী মুখার্জি সহ বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ অংশ নেন।

Comments :0

Login to leave a comment