Biman Basu Book Stall

খাদ্যাভ্যাস, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাদবপুরে বিমান বসু

রাজ্য কলকাতা

মঙ্গলবার যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডে বুক স্টলের উদ্বোধন এবং বই প্রকাশ করছেন বিমান বসু। রয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও সিপিআই(এম) নেতৃবৃন্দ।

পড়তে হবে, সমাজকে জানতে চিনতে হলে পড়তেই হবে। পড়ার কোনও বিকল্প নেই। তাই প্রয়োজন বইয়ের স্টল। 
মঙ্গলবার যাদবপুরে মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধনে একথা বলেছেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের পাশে প্রতি বছরের মতো এবারও বুকস্টলের আয়োজন করেছে সিপিআই(এম)। এদিন এই স্টলের উদ্বোধন করেন বিমান বসু। ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলি, বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিখ্যাত নাট্যব্যক্তিত্ব কমল চট্টোপাধ্যায়, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত এবং শতরূপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সিপিআই(এম) যাদবপুর-১ এবং যাদবপুর-২ এরিয়া কমিটির উদ্যোগে এই বুকস্টলটি আয়োজিত হয়। শুরুর দিনই বিপুল সংখ্যক মানুষের জমায়েত দেখা গেল যাদবপুরে এই বুক স্টলে। সিপিআই(এম) নেতা সুব্রত দাশগুপ্তর লেখা বই 'চক্রব্যূহ' প্রকাশ করা হয়েছে। মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের পাশাপাশি স্টলে থরে থরে সাজানো রবীন্দ্রনাথ-নজরুল, জীবনানন্দ -মানিক বন্দ্যোপাধ্যায়, ভ্রমনকাহিনী, শিশু সাহিত্যের সম্ভার। রয়েছে নাৎসি জার্মানি থেকে মনুসংহিতা ও উগ্র হিন্দুত্ববাদ, ভারতীয় ফ্যাসিবাদ সংক্রান্ত বই।  দেশভাগ থেকে এনআরসি'র মতো বিষয়ের বইও।  
এদিন বিমান বসু বলেন, "রাষ্ট্র কী? তা কী ভাবে গড়ে ওঠে। তার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সবটাই জানতে পড়তে হবে। প্রশ্ন এলে সেই উত্তর খুঁজতেও আবার পড়তে হবে। এখন ফরমান জারি করা হচ্ছে কে কী খাবে কে কী পড়বে। জোর করে খাদ্যাভ্যাস, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একদল। ভারতের বহুত্ববাদকে নষ্ট করতে চাইছে। তা আমাদের রক্ষা করতে হবে।"

Comments :0

Login to leave a comment