ভোট চুরির মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংসের যে কাজ চলেছে তার বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে উত্তাল হয়েছে। শুধু রাস্তার নাম বদলের জন্য নয়, আসলে সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা ও গণতন্ত্রের সম্প্রসারণের জন্যই এই সমাবেশ।
মনীষীদের অবমাননার প্রতিবাদে সোমবার, ১২ অক্টোবর, সুবোধ মল্লিক স্কোয়ারে সমাবেশ করে বামপন্থী দলসমূহ। সেই সমাবেশ থেকে এমনটাই বলছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ইতিহাস বদলাতে দেব না। নতুন ইতিহাস গড়ব।
এই সমাবেশ হওয়ার কথা ছিল ধর্মতলায় লেনিন মূর্তির সামনে। কিন্তু রবিবার গভীর রাতে পুলিশ জানায় যে ওখানে সমাবেশ করা যাবে না। সকালে মঞ্চ বাঁধতে গেলে পুলিশ বাধা দেয়। প্রতিবাদ জানান বামপন্থী দলসমূহের কর্মীরা। শেষ পর্যন্ত সমাবেশ হয় সুবোধ মল্লিক স্কোয়ারে। পুলিশের এই ভূমিকার নিন্দা জানান বক্তারা।
এদিন বক্তব্য রাখেন সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি’র রাজ্য সম্পাদক তপন হোড়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, এসইউসিআই’র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআই(এমএল) লিবারেশনের কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তী। সভাপতিত্ব করেন প্রবীণ এসইউসিআই নেতা অমিতাভ চ্যাটার্জি। ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় সুজন চক্রবর্তী, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারও।
দিল্লির যন্তর মন্তরে সূর্য ঘড়ি রয়েছে। তার উল্লেখ করে সেলিম বলেন, ‘এখন যন্তর মন্তর শুধু দিনের সময়ের কথা বলছে না, রাজনীতিতে বিজেপির অবসানের সময়কেও ইঙ্গিত করছে। ভোট চুরির মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংসের যে কাজ চলেছে গোটা দেশে তার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ চলছে। যারা মনে করতেন 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', তারাও বুঝতে পারছেন তাই প্রতিবাদে নামছেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝেছে তাদের ভবিষ্যৎ বিশ্বগুরুর নেতৃত্বে ধ্বংস হচ্ছে।'
তিনি বলেন, 'ক্রোনি ক্যাপিটাল বাদে সবার আয় কমছে। এই বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য লুট, ঘৃণা হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। শুধু ওটুকুই নয়, মানুষের ব্যাক্তিগত, সামাজিক মূল্যবোধের ওপরেও আক্রমণ নামিয়ে আনছে। মানুষ ভেবেছিল বিজেপি আসলে 'গেম চেঞ্জার' হবে। কিন্তু বিজেপি 'নেম চেঞ্জার' হয়ে গেছে। রাস্তা ঠিক করার নামে বিভিন্ন জায়গায় রামধনু করছে রাস্তায়। বলল কার্নিভাল নয়, তার বদলে মহালয়ায় মোচ্ছব চলছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার বদলালে সব বদলাবে, আসলে ওরা আমাদের সংস্কৃতি, কৃষ্টি, খাওয়া দাওয়ার অভ্যাসকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে আমাদের মতো থাকতে দিচ্ছে না। আজকে আমাদের সমাবেশ থেকে এটাই বলছি যে আমরা আমাদের মতোই থাকব।'
সেলিম আরও বলেন, 'একটা সরকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে না ভেবে রাস্তার নাম বদলাচ্ছে। যাদের নিজেদের ইতিহাস থাকে না তারাই ইতিহাস পাল্টায়। শুধু মাত্র রাস্তার নাম বদলের জন্য নয়, আমরা গণতান্ত্রিক অধিকার তার সম্প্রসারণের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা ইতিহাসকে বদলাতে দেব না, নতুন ইতিহাস তৈরি করব। এই শপথই আমরা এই সমাবেশ থেকে নিচ্ছি।'
Md Salim protesting the insult to eminent figures
ইতিহাস বদালতে দেব না, মনীষীদের অবমাননার বিরুদ্ধে সমাবেশে বললেন সেলিম
×
Comments :0