Toto Driver Arrested

আগ্নেয়াস্ত্র সহ টোটো চালক গ্রেপ্তার হাওড়ার আমতায়

জেলা

টোটোর ডিকি থেকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার আমতা বিধানসভার জয়পুর থানার কুলিয়াঘাট এলাকায়। সোমবার সকালে পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ টোটো চালক শেখ জামালউদ্দিনকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি ঘোড়াবেড়িয়ার দামুপাড়ায়। ধৃতকে এদিন উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলিয়াঘাটে দাঁড়িয়ে থাকা টোটোটি ঘিরে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর টোটোর ডিকি খুলতেই সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র ও কার্তুজ কোথা থেকে এল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের হাওড়ার দ্বীপাঞ্চলে অশান্তি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, ২০১৭ সালে এলাকায় দুষ্কৃতীদের সংঘর্ষে দুই তৃণমূল নেতা মন্মথ ও লালচাঁদ খুন হওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। দীর্ঘ প্রায় নয় বছর পর ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment